মধ্য প্রদেশের সিঙ্গরৌলিতে ‘আঙ্গুঠা চোরি’-র অভিযোগ তুলল কংগ্রেস। সিবিআই তদন্তের দাবি তুলেছে মধ্য প্রদেশের প্রধান বিরোধী দল।
কংগ্রেসের অভিযোগ, আদিবাসী প্রধান এলাকায় প্রকল্পের জন্য গ্রাম সভার অনুমতি প্রয়োজন। কিন্তু নকল গ্রাম সভা বৈঠকের নথি তৈরি করেছে মধ্য প্রদেশের বিজেপি সরকার। মৃতদের গ্রাম সভার সদস্য দেখানো হয়েছে। নথিতে দেওয়া হয়েছে আঙুলের ভুয়ো ছাপ।
সিঙ্গরৌলির ধিরাউলি কয়লা খনি ব্লকে খননের বরাত পেয়েছে আদানি গোষ্ঠীর সহযোগী মহান এনার্জেন লিমিটেড।
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, ‘‘আদিবাসী মানুষের জমির অধিকার কেড়ে নিতে জঘন্য খেলা চালানো হয়েছে। গ্রাম সভার ভুয়ো নথি দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে মৃতদের আঙুলের ছাপ।
জাতীয় কংগ্রেসের আদিবাসী শাখার সভাপতি বিক্রান্ত ভুরিয়া বলেছেন, ‘‘আদিবাসীরা যখনই প্রতিবাদে নামছে নামিয়ে দেওয়া হচ্ছে পুলিশ। আদিবাসীদের সাংবিধানিক অধিকার কেড়ে কর্পোরেট প্রভুদের সুবিধা করে দিতে মরিয়া বিজেপি।’’
কংগ্রেস বলছে, তথ্যের অধিকার আইনে গ্রাম সভা বৈঠকের বিশদ পাওয়া গিয়েছে। ২০১৪ সালে প্রয়াত ব্রিজ ভান সিংয়ের সম্মতি দেখানো হয়েছে ২০২১ সালে। তেমনই ফুলেশ্বরী সিং প্রয়াত হন ২০১৮-তে। তিনি নাকি আঙুলের ছাপ দিয়ে এই জমি কয়লা খাদানের জন্য অধিগ্রহণে সম্মতি দিয়েছেন ২০২১ সালে!
সিঙ্গরৌলি কয়লা খাদানের বিরুদ্ধে আন্দোলনের একাংশ চলতি সপ্তাহে দিল্লি এসে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে।
MP 'Angootha Chori"
আদানির খনির জন্য ভুয়ো গ্রামসভা, মৃতদের আঙুলের ছাপ, অভিযোগ কংগ্রেসের
×
Comments :0