সিপিআই(এম) দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বালুরঘাট মহকুমার অন্তর্গত সিপিআই(এম) সদস্য ও সমর্থকদের কর্মীসভাতে উপচে পড়ল সভা কক্ষ। রবিবার বিকেলে বালুরঘাট নাট্যমন্দিরে কর্মীসভা পরিচালনা করেন সিপিআই(এম) দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা। এদিন কর্মীসভাতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কল্লোল মজুমদার ও রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র।
নেতৃবৃন্দ বলেন, "আমরা এক সংকট মুহুর্তে চলছি। একদিকে মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছে ধর্মের বিভাজনের চক্রান্তে। অন্যদিকে মানুষের বেঁচে থাকার মূল সমস্যাগুলিকে গুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। ২৬ হাজার যোগ্য শিক্ষকদের কী হবে, তাঁর কোনও দিশা নেই, মান্ডিতে দালাল রাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই, ফসলের দাম বৃদ্ধির কোনও পরিকল্পনা নেওয়া হয়নি, ডাক্তারিতে ভর্তির পরীক্ষাতে দুর্নীতি রুখতে নেওয়া হয়নি কোনও পদক্ষেপ, বেকারের কর্ম সংস্থানের দিশা নেই, কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকদের কাজ নেই। রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতিতে মানুষ বিভ্রান্ত। ডাক্তারের ভর্তি পরীক্ষা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় ব্যাবস্থা ভেঙ্গে পড়লেও নেওয়া হয়নি কোনও তদন্ত প্রক্রিয়া।
এদিন নেতৃবৃন্দ বলেন, "হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের ক্ষেত্রে আদালত সঠিক নির্দেশ দিলেও রাজ্য সরকার মানছে না। মানুষ তাদের বেঁচে থাকার লড়াইয়ে সিপিআই(এম)'র কর্মসূচিতে অংশ গ্রহণ করলে আক্রমণ নেমে আসছে লাল ঝান্ডার কর্মীদের উপর। বৰ্তমানে আমাদের এক মাত্র কাজ হলো কৃষক, শ্রমিক, খেতমজুর সহ গরীব মানুষদের সঙ্গে নিয়ে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা।
Comments :0