কবিতা | দুঃখ সুখের বর্ষা যাপন
আনজু বানু
মুক্তধারা | বর্ষ ৪ | ১০ জুলাই ২০২৬
==========================
বর্ষাকালে অঝোর ধারা ঝর ঝরিয়ে নামে
খানা ডোবা সব ভরে যায় বর্ষার জল জমে
প্রকৃতি যেন স্নান করে রোজ প্রাণ খোলা বর্ষাতে
গাছ গাছালি নদী নালা আনন্দেতে মাতে।
দিন রাত্রি বাদল মেঘে আকাশের মুখ ভার
পাখপাখালি গরীব দুখীর জোটেনা আহার।
বর্ষা জলে আবাদ হলে চাষীর মুখে হাসি
বানের জল ডুবিয়ে দিলে ঘটায় সর্বনাশি
বানের জল রুখতে হলে বাঁধ বাঁধা যে চায়
বাঁধের ধন খেয়ে যায় আমলা ও নেতায়।
এই ব্যভিচার রুখতে হবে মনের জোরে খোকা
মজবুত বাঁধ হলে তবেই বন্যা যাবে রোখা।
বর্ষাকালে খলশে ইলিশ সব মাছ তুই পাবি
মনের সাধে খোকারে তুই সর্ষে ইলিশ খাবি।
রোদ বৃষ্টির এই বাংলায় আয়রে খোকা আয়
তোর জন্য সবুজ সাজ গ্রামের সীমানায়।।
Comments :0