গল্প | শব্দ আসে
রাহুল চট্টোপাধ্যায়
মুক্তধারা | বর্ষ ৪ | ১২ জুলাই ২০২৬
----------------------------------------------
দুরপাল্লার ট্রেনগুলো যখন কোন টানেলের মধ্যে দিয়ে যায় তখন একটা গুনগুন শব্দ হয়। শব্দটা ভয়ঙ্কর মনে হয় অমিতের। এক একটা টানেল যেন শেষ হতে চায় না। অমিত বুকটায় হাত রেখে অপেক্ষা করে শব্দটা শেষ না হওয়া পর্যন্ত। রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল অমিত। গভীর ঘুমের মধ্যে জম্মু থেকে ফেরার স্মৃতিটা ফিরে এসেছিল শব্দ হয়ে। হঠাৎ ঘুমটা ভেঙে গিয়ে মনটা ভার লাগছে তার। একা একটা ফ্ল্যাটে ঐ শব্দ যেন তাকে তাড়া করে ফেরে। আঘাত করতে থাকে সুপ্ত চেতনায়। অমিত ঠিক ভাবে নি হঠাৎ তার চাকরিটা থাকবে না। হঠাৎ তাকে ফিরে আসতে হবে কলকাতায়। নতুন ফ্লাট কিনেছিল। সুপর্ণাকে বিয়ে করে নতুন সংসারের স্বপ্ন দেখেছিলো। এখন সব কেমন ওলট পালট হয়ে গেল। অমিত আজ আর ঠিক ভাবতে পারছে না নিজেকে নিয়ে। এত সহজে যদি কোম্পানির ইচ্ছায় চাকরি যেতে পারে তাহলে কর্মচারীদের অধিকার বলে কিছু কি নেই? যদি বেঁচে থাকার মতো টাকা না থাকে তাহলে সেই মানুষের কি বাঁচার অধিকার নেই? এসব প্রশ্ন ঐ টানেলের শব্দের মতো তার মাথাটায় হাতুড়ি মারতেই থাকে, মারতেই থাকে। ছটফট করতে করতে ডিভান ছেড়ে জানলার কাছে এসে দাঁড়ায় সে। রাস্তায় কালো কুকুরটা শুয়ে আছে। আর সে জানলায়। আবার মাথাটা কেমন করতে থাকে, আবারও কিসের শব্দ তার মাথাটাকে নাড়ায়। কিন্তু এ তো টানেলের মধ্যে চলা গাড়ির শব্দ নয়! তাহলে কিসের শব্দ। মনে হয় বুলড্রজারের। এ শব্দ সে তো আগেও শুনেছে। মানুষের চিৎকারও শুনেছে। চুপচাপ জানলায় দাঁড়িয়ে থাকে সে। মনে হয় আবার কাজ হারালো মানুষ, তারই মতো।
Comments :0