Siharsol School Smart Board

সিহাড়শোল গ্রাম প্রাথমিক স্কুলে চালু ‘স্মার্ট বোর্ড’

জেলা

স্থানীয় বাসিন্দা প্রকৃতি ব্যানার্জির আর্থিক সহায়তা স্মার্ট বোর্ড সিহাড়শোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: মলয়কান্তি মণ্ডল

শুধুমাত্র স্কুলের শিক্ষক, পড়ুয়া কিংবা তাদের অভিভাবকরা নন, স্থানীয় বাসিন্দারাও নিবিড় আত্মীয়তায় জুড়ে রয়েছেন সিহাড়শোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে। স্কুলের ভালো মন্দে, পঠন পাঠনের উন্নতিকল্পে তাঁরাও এগিয়ে আসেন দায়িত্ব বোধের সহজ তাগিদে।
তপশিলি জাতি এবং আদিবাসী প্রধান এলাকার ওই স্কুল অতীতে নানা ক্ষেত্রেই দৃষ্টান্ত তৈরি করেছে। এবার ওই স্কুলের পড়ুয়াদের পঠন পাঠনের উন্নত পরিবেশ দিতে স্মার্ট বোর্ড চালু হলো। আধুনিক ওই বোর্ড বসানোর ক্ষেত্রে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দারাই। ‘স্মার্ট বোর্ড’- এর আর্থিক সহায়তাকারী প্রকৃতি ব্যানার্জি তাঁর পুত্র প্রয়াত জয় ব্যানার্জির স্মৃতি রক্ষার্থে একাজে এগিয়ে এসেছেন । প্রকৃতি ব্যানার্জি স্থানীয় বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মী। 
কয়লাঞ্চলের  সিহারশোল গ্রাম প্রাথমিক বিদ্যালয় অতীতের বেহাল অবস্থা কাটিয়ে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে নানা দৃষ্টান্ত তৈরি করেছে। শুক্রবার প্রয়াত জয় ব্যানার্জির স্মৃতিতে ‘স্মার্ট বোর্ড‘-এর উদ্বোধন করেন জেলা স্কুল পরিদর্শক নৃপেন বিশ্বাস। ডা. পি আর ঘোষ, ডা. সৌমি ব্যানার্জি, তপোব্রত দে, সুশোভন কোনার, রাজীব রায়, অমিত চৌধুরী, সুপ্রিয় বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন স্কুলে স্মার্ট বোর্ড মাধ্যমে পড়ানোর কাজ শুরুও করেছে। পশ্চিম বর্ধমান জেলাকে পথ দেখাবে এই উদ্যোগ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্য সেনগুপ্ত  বলেন, শিক্ষক, ছাত্রছাত্রী এবং স্থানীয় অভিভাবকদের, রানিগঞ্জের শিক্ষানুরাগী মানুষের যৌথ প্রচেষ্টায় আমাদের স্কুলটি পশ্চিম বর্ধমান জেলার গর্বের জায়গায় পৌঁছেছে। স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা  সরকারি  প্রাথমিক বিদ্যালয়কে ব্লকের সেরা বিদ্যালয় হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। আনন্দময় পরিবেশে পড়াশুনার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসার আগ্রহ বোধ করে।  ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ  তৈরি হয়েছে। স্কুলে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। ১৯৬৮ সালে সিহারশোলের প্রত্যন্ত এলাকায় গরিব-গুর্বো কিছু পরিবারের ছেলেমেয়েকে নিয়ে চালু হয়েছিল স্কুল। ২০১৮ সালে ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কারও পেয়েছে কয়লাঞ্চলের এই স্কুল। তারপরও সাফল্যের গতি অব্যাহত রয়েছে।

Comments :0

Login to leave a comment