Assembly election 2026

স্পষ্ট করে প্রকাশ করুন ভোটার তালিকা, সিইও দপ্তরে সিপিআই(এম) (দেখুন ভিডিও)

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

দেশের গণতন্ত্র নির্বাচন কমিশনের হাতে আক্রান্ত। এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে দেশের মানুষকে। দু’দিন বাদে নির্বাচন এখনও ভোট কারা দেবেন সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে পারল না কমিশন। এই কমিশন সুষ্ঠু এবং অবাধ ভোট করবে কিভাবে!
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিইও’র সঙ্গে দেখা করে এই প্রশ্ন তুলেছে সিপিআই(এম)। এদিন প্রতিনিধিদলে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার এবং প্রবীণ নেতা সুখেন্দু পানিগ্রাহি। 
লাহিড়ী বলেন, ‘‘সাম্প্রদায়িক প্রচার করলে নির্বাচনের বিধি ভঙ্গ হয়। প্রধানমন্ত্রীও তেমন প্রচার করছেন। কোনও ব্যবস্থা নিচ্ছে কমিশন? অসত্য প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনী বিধিভঙ্গ। একটার পর একটা অভিযোগ জানাচ্ছি। কোনও বক্তব্য নেই।’’ 
লাহিড়ী বলেন, ‘‘প্রতিবার দেখেছি অভিযোগ জানালে কমিশন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানায়। অভিযোগ ভুল হলেও জানায়। এবার কোনও বক্তব্যই জানাচ্ছে না। এখন বলছে আমরা দেখছি।’’ 
লাহিড়ী বলেন, ‘‘শুধু বিজেপি সন্তুষ্ট করলে আর এখানকার অফিসাররা তৃণমূলকে সন্তুষ্ট করলে স্বচ্ছ ভোট হবে? আসল যাঁরা, সেই ভোটারদের জানানোর কোনও ব্যবস্থা নেই, তাদের হেনস্তা কমানোর কোনও উদ্যোগ নেই। নির্বাচনের নামে কি প্রহসন করতে চাইছে কমিশন?’’ 
তিনি বলেন, ‘‘স্বাধীনোত্তর ভারতে সবচেয়ে বড় অপরাধ করছে নির্বাচন কমিশন। দেশের গণতন্ত্র নির্বাচন কমিশনের হাতে আক্রান্ত। এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে দেশের মানুষকে। সে কারণে মানুষের কাছে গিয়ে আমরা বলছি ভোটাধিকার লড়াইয়ে আমরা আছি। কেন্দ্র আর রাজ্যের শাসক দুই দল বোঝাপড়া করে সাপলুডো খেলছে, আর আপনি হেনস্তার শিকার হচ্ছেন।’’ 
প্রশ্ন করা হয় যে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে গিয়েছে। সেই ভোটার তালিকা আপনারা পেয়েছেন?
লাহিড়ী পালটা প্রশ্ন করেন, ‘‘কেউ পেয়েছেন? গোটা পশ্চিমবঙ্গে কেউ পেয়েছেন? এখন বিজেপি, তৃণমূল আলাদা করে পেয়েছে কিনা আলাদা কথা। কমিশনের ওয়েবসাইটে এই তালিকা নেই কেন। দু’দিন বাদে ভোট, নির্দিষ্ট করে জানা যাচ্ছে না কে ভোটার আর কে নন।’’  
বিচারপতিরা আক্রান্ত। সুষ্ঠু নির্বাচন সম্ভব? এ সংক্রান্ত এক প্রশ্নে লাহিড়ী বলেন যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছে সিইও-কে। বলা হয়েছে যে ন্যূনতম যে কাজ তা হলো ভোটার তালিকা প্রকাশ করা সেটিই করতে পারেননি। তা’হলে এরাজ্যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন কিভাবে সম্ভব?

Comments :0

Login to leave a comment