রেললাইনের ওপর শাবকসহ হাতির দল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে হাতির পালটিকে ট্রেনের চালক ও সহ-চালক রক্ষা করলেন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গল সংলগ্ন নাগরাকাটা-চালসা রেললাইনে। গতকাল রাতের এই ঘটনায় চালকদের উপস্থিত বুদ্ধি ও তৎপরতার প্রশংসা করছেন পরিবেশপ্রেমীরা।
জানা গেছে, গত রাতে নাগরাকাটা ও চালসার মধ্যবর্তী বনাঞ্চলের ওপর দিয়ে ডাউন বিএসসিএস ডলোমাইট বোঝাই মালবাহী ট্রেনটি যাচ্ছিল। চাপড়ামারি জঙ্গলের বুক চিরে চলে যাওয়া ওই লাইনে ট্রেনটি পৌঁছানো মাত্রই ট্রেনের চালক সঞ্জিত কুমার ও সহকারী চালক প্রিন্স তিওয়ারির নজরে আসে, লাইনের ওপর ও আশেপাশে শাবকসহ একদল হাতি দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি আঁচ বুঝতে পেরে বিন্দুমাত্র দেরি না করে তাঁরা সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষে ট্রেনের গতিবেগ কমিয়ে দেন।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, শাবকসহ হাতির দলটি ধীরস্থির ভাবে রেললাইনের ওপর দিয়েই এগিয়ে চলেছে। ভিডিওতে ট্রেনের চালকদের বলতে শোনা যায়, অনেকদিন পর এমন দৃশ্য দেখা গেল। হাতির পালটি রেললাইন পার হয়ে নিরাপদ দূরত্বে জঙ্গলে ঢুকে যাওয়া পর্যন্ত চালক ট্রেনটি নিয়ন্ত্রণেই রাখেন। এরপর দলটি জঙ্গল নিরাপদ আশ্রয়ে ফিরে গেলে ট্রেনটি ফের গন্তব্যের দিকে রওনা হয়।
উল্লেখ্য, ডুয়ার্সের বিভিন্ন অভয়ারণ্য ও জঙ্গল এলাকার বুক চিরে রেললাইন ও জাতীয় সড়ক চলে গেছে।প্রায়শই বন্যপ্রাণীরা খাবারের সন্ধানে বা জঙ্গল পারাপারের সময় রেললাইনের ওপর চলে আসে। এর আগেও ডুয়ার্সে রেল দুর্ঘটনায় হাতির মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে।রেল কর্তৃপক্ষের তরফে সতর্কবার্তা থাকলেও বারবার এমন ঘটনা ঘটে।তবে রবিবারের এই ঘটনায় চালকদের তড়িৎ সিদ্ধান্তে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী মানুষজন। স্থানীয়দের মতে,এই ধরণের সচেতনতা থাকলে বন্যপ্রাণীদের রক্ষা করা অনেক সহজ হয়।
Elephants
ডুয়ার্সে রেললাইনে শাবকসহ হাতির দল, চালকদের তৎপরতায় রক্ষা পেল বন্যপ্রাণ
×
Comments :0