May Day AIKS

মে দিনের মিছিলে কৃষকদের যোগ দেওয়ার আহ্বান কৃষক সভার

জাতীয়

শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড চালুর পর প্রথম মে-দিন শুক্রবার। গত ২১ নভেম্বর শ্রমিক বিরোধী চার শ্রম কোড চালুর বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবারে মে দিবসে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে হবে কৃষকদের।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল এই মর্মে আহ্বান জানিয়েছেন সারা ভারত কৃষক সভার সভাপতি অশোক ধাওলে এবং সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন। 
বিবৃতিতে বলা হয়েছে, দিনে কাজের নির্দিষ্ট আট ঘন্টার বিধি বদলে শ্রম কোড ১২ ঘন্টা কাজ করতে বাধ্য করানোর ব্যবস্থা করেছে। শ্রম কোডে স্থায়ী কাজে নিয়মকেই কার্যত তুলে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন শ্রমিক শ্রেণির সাংবিধানিক অধিকার। শ্রম কোড সেই অধিকারও কেড়ে নিয়েছে। বস্তুত শ্রম সংক্রান্ত আইনের আওতার বাইরে ঠেলে দেওয়া হয়েছে সংগঠিত ক্ষেত্রের ৭০ শতাংশ শ্রমিককে। 
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দিল্লি এবং সংলগ্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনাকে। বলা হয়েছে একাধিক সমীক্ষায় স্পষ্ট যে দিনে ২৫০ থেকে ৪১২ টাকা মজুরি দিয়ে বিপুল সংখ্যক শ্রমিককে অস্থায়ী হিসেবে কাজ করানো হচ্ছে। পরিবারের জন্য দু’বেলা খাওয়ার ব্যবস্থা করা প্রায় অসম্ভব এই মজুরিতে। 
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ গত চার বছর ধরে ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা করার দাবি তুলছে। কৃষকসভার দাবি, মূল্যবৃদ্ধিকে বিবেচনায় রেখে মজুরি মাসে ৩০ হাজার টাকা হওয়া উচিত। 
কৃষকসভা বলেছে, মে-দিনে শ্রমিক-কৃষক ঐক্যকে জোরালো করার সুযোগ থাকে। কর্পোরেট-সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে সংগ্রামে এই ঐক্য গুরুত্বপূর্ণ।

Comments :0

Login to leave a comment