চিন্ময় কর: মেদিনীপুর
কর্পোরেট ও সাম্প্রদায়িক শক্তির মিলিত আস্ফালনে গ্রামগঞ্জে গজিয়ে ওঠা নব্য অর্থবানরা শক্তিশালী হচ্ছে। তাদের মদতে জমি হাঙররা কৃষকের কমি লুটে নিতে নামছে। রাজ্যের প্রান্তিক মাঝারী কৃষক ও কৃষিজীবী মানুষকে বাঁচাতে হবে এই আক্রমণ থেকে।
পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার প্রথম ভূমি কনভেনশনে এই মর্মে লড়াইয়ের লক্ষ্য ঘোষণা করা হয়েছে। শুক্রবার মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে হয় এই কনভেনশন। উদ্বোধনী বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান।
কৃষ্ণান বলেন, খাজনা থেকে জিএসটি সব সিস্টেমই পুঁজিবাদের কৌশল। পরাধীন ভারতে এদেশে কৃষক শোষনের ফল - ইউরোপের শিল্প বিকাশ। বর্তমানে পুঁজিবাদ কে পুষ্ট করতে ভারতের মতো কৃষি প্রধান দেশে কৃষির উপর, তার উপকরণ যে জমি, সার বীজ ও ফসল- সবেরই উপর কর্পোরেট বেনিয়াদের নিয়ন্ত্রণ। খাজনা থেকে মহাজনী শোষণ, ফিনান্স পু্ঁজি ও বেসরকারি অর্থ লগ্নি সংস্থার লাগামহীন শোষণে দুর্ভিক্ষ দারিদ্র্য আত্মহত্যা বাড়ছে। কৃষির উপর একচেটিয়া পুঁজির মালিকানার পাশাপাশি জমি হাঙরের মুখে প্রান্তিক মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। সমাজে বৈষম্য বাড়াচ্ছে।
তিনি বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষককে রক্ষা করার লড়াই জরুরি। রাজ্য জেলা ব্লক ভিত্তিক তথ্য সংগ্রহ সহ আন্দোলনের রূপরেখা নির্মাণ করতে হবে। কৃষক সমাজকে শামিল করতে হবে।
এই কনভেনশনে বক্তব্য রাখেন কৃষক আন্দোলনের প্রবীণ নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন এক সময় আমরাই লড়াই করেছি জমিদার, সামন্ততান্ত্রিক জমিদারদের বিরুদ্ধে। কৃষকের মুক্তি আমূল ভূমিসংস্কার না হলে হবে না। এখন সেই জমিদার নেই। হাজির হয়েছে পুঁজিবাদী জমিদার। এতেও সামন্ততান্ত্রিক গাঁট রয়েছে। ছোঁয়া রয়েছে। শোষণের সম্পর্ক রয়েছে। নব্য ধনী তাদের দখলে সেই জমিদারী প্রথা চালাচ্ছে।
তিনি বলেন, এখন বাংলায় আরো বড় বিপদ। স্বাধীনতার পর এই বাংলায় প্রথম বিজেপি সরকার। শ্রেণি চরিত্রের কারণে এখন তৃণমূল মিশে যাচ্ছে বিজেপি’র সাথে। এই শ্রেণিশত্রু চিহ্নিত করতে না পারলে লড়াই হবে না।
এই কনভেনশনের মূল প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাল।
সভায় বক্তব্য রাখেন কৃষক নেতা অমল হালদার। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষক আন্দোলনের বর্ষীয়ান নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি মেঘনাদ ভুঁইয়া।
AIKS LandConvention
নব্য ধনীর নজর জমিতে, কৃষককে রক্ষার ডাক ভূমি কনভেনশনে
মেদিনীপুরে ভূমি কনভেনশনে কৃষকসভা নেতৃবৃন্দ।
×
Comments :0