Tapas Sinha

হামলা তাপস সিন্‌হার ওপর, বিক্ষোভের ডাক কৃষক সভার

রাজ্য

আহত তাপস সিনহার কাছে বিজু কৃষ্ণণ, সঞ্জয় পুততুণ্ড।

রাজ্যের কৃষক আন্দোলনের নেতা ও সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তাপস সিনহার উপর আরএসএস’র মদ্যপ বাহিনীর আক্রমণকে ধিক্কার জানালো সারা ভারত কৃষক সভা। সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাল ও সভাপতি মেঘনাদ ভুঁইয়া জানান যে রাজ্য জুড়ে
এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।  
মেদিনীপুর শহরে লোধাস্মৃতি ভবনের সামনে বৃহস্পতিবার এই ঘটনা ঘটায় দুষ্কৃতী মনোজ শর্মা সহ তার দলবল। শুক্রবার রাজ্য ভূমি কনভেনশনের প্রস্তুতির কাজ সেরে এবং বাইরের জেলা থেকে আগত প্রতিনিধিদের আবাসনে রেখে বাড়ি ফেরার সময় ওই ভবনের সামনে এলে তাপস সিন্‌হাকে আক্রমণ করা হয়। ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত কৃষক নেতারা ঘিরে ধরলে ছুটে পালায় দুষ্কৃতীরা। প্রায় দেড় কিমি পথে তাড়া খেয়ে গা ঢাকা দেয় আক্রমণকারীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গেলে মনোজ শর্মা সহ দু’জনকে আটক করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ।
আহত তাপস সিনহাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।  তাপস সিনহার কাঁধের হাড়ে চিড় ধরেছে। হাসপাতালে চিকিৎসা করে থানায় এফআইআর করা হয় রাতেই। শুক্রবার আক্রমণকারী দু’জনকেই আদালতে তোলা হয়। তাদের ৩ দিনের পুলিশ হেপাজত হয় বলে জানা যায়।
তাপস সিনহার আক্রান্ত হওয়ার খবর পেয়ে শুক্রবার সকালে তাঁর বাড়িতে দেখা করতে যান সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য তথা সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক কমরেড বিজু কৃষ্ণান, প্রবীণ নেতা  সঞ্জয় পুততুণ্ডু সহ সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃবৃন্দ। আহত তাপস সিনহার চিকিৎসা সহ শারীরিক অবস্থার খোঁজ নেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র।

Comments :0

Login to leave a comment