Md Salim on Eviction

৪ জুলাই উচ্ছেদ বিরোধী মিছিলে নামবে সব অংশ, বললেন সেলিম

রাজ্য জেলা

ছবি সংগ্রহ থেকে।

আইন-কানুন, আদালতের রায় না মেনে চলছে উচ্ছেদ। রেলের বেআইনি উচ্ছেদের বিরুদ্ধেই ৪ তারিখ পথে নামবেন মানুষ। সমাজের সব অংশকে শামিল করার চেষ্টা হবে।
বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।  ছিলেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লাও।   
৪ জুলাই, শনিবার, শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে শ্রমজীবীদের দু’টি মিছিল যাবে ইস্টার্ন রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসে। বেপরোয়া প্ল্যাটফর্ম হকার উচ্ছেদ, রানিং হকারদের ফাইন বৃদ্ধি, রেল হকারদের পুনর্বাসন এবং রেলবস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে সিপিআই(এম) রাজ্য কমিটি।  
বেআইনি উচ্ছেদ হচ্ছে। রেল বা রাস্তায় হোক, এই বুলডোজার রাজনীতির বিরুদ্ধে আমরা। মানুষ সরকার তৈরি করেছে নতুন কিছু গড়ার জন্য। গড়ার আগেই ভাঙা শুরু হয়েছে।  
সেলিম বলেন, ৪ তারিখে হাওড়া ডিআরএম এবং শিয়ালদহ ডিআরএম-এ জমায়েত করে ফেয়ারলি প্লেসে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে, মিছিল করে, দাবি জানানো হবে। 
সেলিম বলেন, হকাররা যে সব সামগ্রী বিক্রি করেন তার মধ্যে রয়েছে গ্রামের অর্থনীতিতে উৎপাদিত সামগ্রী। ফলে গ্রামীণ অর্থনীতিরও ক্ষতি করবে এই উচ্ছেদ। 
তিনি বলেন, কাজ দেওয়ার বদলে বেকার তৈরি করছে সরকার। এমনকি ট্রেনে উঠে বিক্রিতেও চড়া হারে ফাইন বসিয়েছে। 
কাঁকিনাড়ায় ঝালমুড়ি বিক্রেতা কার্তিক সাউ আত্মঘাতী হন। সেই ঘটনার উল্লেখ করে সেলিম বলেন, আমরা আত্মহননের বিপক্ষে। আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি সব অংশকে। কিন্তী জীবিকা কেড়ে নিয়ে মানুষকে অসহায় করে দেওয়া হচ্ছে। 
সেলিম বলেন, বহুজাতিকের পণ্য বিক্রি করার মতো শোরুম বসবে। আমাদের ঘরের ছেলেমেয়েরা ডেলিভারি বয় হবে। 
তিনি বলেন, বিজেপি দেশেও সরকার গড়ার সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। তা পালন করেনি। রাজ্যেও করার দিকে এগচ্ছে না। 
তিনি বলেন, গত পনের বছর তৃণমূলের অন্যায় দেখেছি। বহু মানুষ বলতেন প্রতিবাদ করব, কিন্তু ঝান্ডা ছেড়ে। কিন্তু এখন লালঝান্ডা নিয়েই প্রতিবাদে নামছেন মানুষ। প্রতিবাদের রঙ লাল। 
তিনি বলেন, প্রতিবাদীদের কখনও বলেছে উইপোকা, কখনও আরশোলা, এখন বলছে ভাইরাস। শিক্ষাকে বাঁচানোর জন্য যারা প্রতিবাদ করছে তাদের বিজেপি’র জাতীয় সভাপতি বলছেন ভাইরাস। আমরা প্রতিবাদী সেই আন্দোলনকে সংহতি জানাচ্ছি। 
সেলিম বলেন, লড়াইয়ের জন্য ঐক্য দরকার। এরা সে কারণে বিভাজন করে। আমরা জাত-পাত-ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে একজোট হয়ে প্রতিবাদে নামতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্ছেদ কোনও আইন কানুন মেনে হচ্ছে না। আদালতের নিষেধাজ্ঞা আছে। আমরা আদালতের রায় দেখাচ্ছি। ওরা বলছে দিল্লির অর্ডার আছে। রাজ্য সরকার রাজ্য থেকে চলছে না। সব চলছে ওপরতলা থেকে। 
সেলিম বলেন, ঘরবাড়ি না ভেঙে সরকার নদী ভাঙন রোধ করুক না। নদীর নাব্যতা বাড়ানোর ব্যবস্থা করুন ড্রেজিং করে। ডবল ইঞ্জিন কাজে করে দেখাক।

Comments :0

Login to leave a comment