তৃণমূল সরকার একাধিক বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল যাদের, এমনকি, নিজস্ব কোনও ক্যাম্পাসই নেই। সেগুলির ক্ষেত্রে বরাদ্দের কথা রাজ্য বাজেটে নেই।
মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলেছে এসএফআই। বলা হয়েছে, স্নাতক স্তরে ছাত্রীদের ভর্তির সময়ে এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার প্রকল্প চালু হবে বলে বলা হয়েছে বাজেটে। এই প্রকল্পে ১০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে অর্থাৎ দু-লক্ষ ছাত্রী এই সুবিধা পাবেন।কিন্তু শেষ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ৩ লক্ষ ৬৫ হাজার ছাত্রী। তাহলে দেড় লক্ষের বেশি ছাত্রী কী এই প্রকল্প থেকে বঞ্চিত হবে, প্রশ্ন তুলেছে এসএফআই।
সোমবার রাজ্য বিধানসভায় পেশ করা হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে বেশ কিছু কথা জানানো হয়েছে।
সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রণয় কার্য্যী এবং সম্পাদক দেবাঞ্জন দে প্রশ্ন তুলেছেন উচ্চশিক্ষায় বরাদ্দ নিয়েও। তাঁরা বলছেন, বরাদ্দ গতবারের ৬৫৯৪ কোটি থেকে ৭১২৯ কোটি টাকা করা হয়েছে। আবার বলা হয়েছে যে ৫০ হাজার শিক্ষক ও অধ্যাপক নিয়োগ করা হবে। ৫ হাজার অধ্যাপকও নিযুক্ত হলে বর্ধিত বরাদ্দ বেতনের পিছনে খরচ হয়ে যাবে।
বিবৃতিতে এসএফআই বলেছে যে, "দীর্ঘ ১৫ বছর ধরে বাংলার শিক্ষাব্যবস্থার ধ্বংসের দিকে যাত্রা করেছে। মুখে জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করলেও হুবহু সেই নীতিই গ্রহণ করেছিল বিগত সরকার। একই সঙ্গে চলেছে সীমাহীন দুর্নীতি, স্বজনপোষণ এবং গণতন্ত্রহীনতা। বাংলার মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার উপর এই আঘাতের প্রভাব সুদূরপ্রসারী। পরিবর্তনের পর নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষার ক্ষেত্রে কিছু চটকদার উপাদান থাকলেও এই আঘাত কাটিয়ে ওঠার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের চোখে পড়েনি। বরং লেখাপড়াকে ধীরে ধীরে পণ্যে পরিণত করে গরিব ঘরের ছেলেমেয়েদের সেই আঙিনা থেকে দূরে ঠেলার কেন্দ্রীয় নীতিই এই বাজেটের ছত্রে ছত্রে লক্ষ্যণীয়।"
সরকারি শিক্ষা ক্ষেত্রে স্কুল পরিকাঠামো-উচ্চশিক্ষা পরিকাঠামো উন্নতির জন্য দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা নেই বাজেটে।
SFI WB
বরাদ্দ আর প্রতিশ্রুতির হিসেব মিলছে না, রাজ্য বাজেট প্রসঙ্গে বলল এসএফআই
×
Comments :0