দিল্লির বিজেপি সরকার ফ্যাসিবাদী কায়দাতে জনবিরোধী কাজ করছে। আর তৃণমূল সরকার অনাচার চালাচ্ছে রাজ্যে। দুই শক্তিকে পরাজিত করতে হবে। বরানগরে কাস্তে হাতুড়ি তারা চিহ্নের মর্যাদা রক্ষা করতে হবে ।
শনিবার কুঠিঘাট লঞ্চ ঘাটের পাশে 'বরানগর বাঁচাও' যাত্রার সূচনা করে সমাবেশে এ কথা বলেন রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু।
বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়নদীপ মিত্রকে জয়যুক্ত করার জন্য বাড়ি বাড়ি যেতে বলেন তিনি। বসু বলেন, মানুষের সঙ্গে কথা বলতে হবে। পরিশ্রম করতে হবে। কোন রকম শৈথিল্য দেখাবেন না।
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী সায়নদীপ মিত্র, সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, আরএসপি নেতা মুজিবর রহমান, সিপিআই (এম - এল) লিবারেশন নেতা নবেন্দু দাশ গুপ্ত। সভাপতিত্ব করেন অশোক ভট্টাচার্য।
‘বরানগর বাঁচাও যাত্রা’-র শুরুতে সামনের সারিতে পথ হাঁটেন বিমান বসু, সায়নদীপ মিত্র, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য সহ নির্বাচনী কমিটির আহ্বায়ক শানু রায়, কিশোর গাঙ্গুলিও।
পদযাত্রা থেকে আওয়াজ ওঠে, "বরানগর বাঁচাতে, তারা হাতুড়ি কাস্তে "।
বরানগর বিধানসভা নির্বাচনী কমিটির আহবানে ১২ দফা দাবিতে রবিবার পর্যন্ত চলবে এই পদযাত্রা। নেতাজি কলোনিতে পদযাত্রাটি সমাপ্ত হবে রবিবার।
ছাত্র - যুব - মহিলারা, বন্ধ কারখানার শ্রমিক পরিবারের সদস্যরা, সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, শিক্ষক-অধ্যাপক-কর্মচারী এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ বিরাট সংখ্যায় পথ হাঁটেন এই পদযাত্রায়।
পদযাত্রার দাবি, দুর্নীতি-দুষ্কৃতিরাজ, বেআইনি নির্মাণ, তোলাবাজি বন্ধ করতে হবে। বাগজোলা খালের সংস্কার, জমা জল নিষ্কাশনের সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। বরানগর জুট মিলের শ্রমিকদের পর্যাপ্ত কাজের ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের সমস্ত বকেয়া অবিলম্বে মেটাতে হবে। সরকার পোষিত স্কুল, পৌর স্কুল বন্ধ করা চলবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের খরচের উপর নিয়ন্ত্রণ করতে হবে। জয়েন্ট ভেঞ্চারে চলা সঞ্জীবনী হাসপাতালের খরচ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হবে। বরানগর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করতে হবে।
দাবি রয়েছে যে বরানগর পৌরসভার বিভিন্ন পদে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে। আর্থিক প্রকল্পের মাধ্যমে যুবকদের ব্যবসা শুরুতে সাহায্য করতে হবে। বরানগর স্টেডিয়াম, ক্রীড়া একাডেমী,সাংস্কৃতিক চর্চার কেন্দ্র,কমিউনিটি হল, নির্মাণের উদ্যোগ নিতে হবে। পর্যটন সার্কিট গড়ে তোলার দাবিও জানিয়েছে বামফ্রন্ট।
পাশাপাশি, দাবি উঠেছে আইএসআই'র আধিকারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চলবে না। এই লক্ষ্যে পেশ বিলের বিরোধিতা করেছে পদযাত্রা।
Baranagar Biman Basu
‘বরানগর বাঁচাও যাত্রা’-র সূচনা বিমান বসুর
বরানগর বাঁচাও যাত্রায় বিমান বসু, সায়নদীপ মিত্র। ছবি: অভিজিৎ বসু
×
Comments :0