জীবনতলা বাজারে একটি মামলার পরিপ্রেক্ষিতে ঘটনার পুনর্নিমাণে এবার হাঁটানো হলো ধৃত তৃণমূল নেতা সেই সওকত মোল্লাকে। বৃহস্পতিবার দুপুরে পুলিশি ঘেরাটোপে অভিযুক্তকে রাস্তায় হাঁটানো হয়। জীবনতলা থানার পুলিশ লকআপ থেকে বের করে সওকত মোল্লাকে রাস্তায় হাঁটানো হচ্ছে দেখে কেউ কেউ চোর বলে চীৎকার করেন। কেউ আবার জুতো ছুড়লেন। জীবনতলা বাজার এলাকায় তখন মাইকে গান বাজছে ‘মাছ চোর, মাছ চোর, সওকত মাছ চোর।’
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করে। এরপর তোলাবাজি, ধর্ষণ, হুমকির ঘটনায় তাকে নিজেদের হেপাজতে নেয় জীবনতলা থানার পুলিশ। এদিন দুপুরে রাস্তায় হাঁটানোর সময় ভীড় জমিয়ে ছিলেন স্থানীয় মানুষেরা। তাঁদের অভিযোগ, জীবনতলার ত্রাস এই কুখ্যাত দুস্কৃতী। ধৃত তৃণমূল নেতাকে দেখে স্থানীয় মানুষেরা তাঁদের ক্ষোভ উগড়ে দেন।
এদিকে ক্যানিংয়ের মৌখালিতে মাতলার চরে একটি বেআইনি ক্যাফে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা মাতলার চর দখল করে বেআইনিভাবে ‘অরণ্যের কূল’ নামে এই ক্যাফে তৈরি করেছিল। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ২৯ জুনের মধ্যে এই ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দিলেও ক্যাফের মালিক ইমরান মোল্লা কোন আমল না দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বুলডোজার দিয়ে ক্যাফে ভেঙে দেওয়ার কাজ শুরু করে প্রশাসন। প্রশাসনের এক আধিকারিক এদিন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ক্যাফের বেআইনি নির্মাণ না ভাঙায় প্রশাসনের তরফে ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। এর জন্য যে পরিমাণ টাকা ব্যয় হবে সেই টাকা ক্যাফের মালিকের কাছ থেকে আদায় করা হবে। এদিন বুলডোজার দিয়ে ক্যাফে ভাঙার সময় প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
Comments :0