Assembly Elections 2026 Bhala

বেহালায় উদ্দীপনার রোড শো, সাফল্যের পূর্বাভাস, বললেন বেবি

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

ছবি - অরিজিৎ মন্ডল

পূজা বোস 

সবে সন্ধ্যা নামছে। তখন শেষ বিকেলের ম্লান সিঁদুরাভা সূর্য আকাশে না থাকলেও বেহালা চৌরাস্তা কিন্তু তখন লালে লাল। লাল ঝান্ডা হাতে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন মিছিল শুরুর অপেক্ষায়। লাল ঝাণ্ডার পাশাপাশি করো কারো হাতে ছিল লাল বেলুনও। মিছিলের জমায়েত এতটাই বিশাল যে শুরু থেকে শেষ একনজরে তা দেখা সম্ভব নয়। তবে যা চোখে পড়ার মতো তা হলো মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। বিশেষত, মিছিলের সামনের সারিতে থাকা মহিলা সহ কমবয়সী ছাত্র- যুবদের উচ্ছাস ছিল নজরকাড়া। 


বেহালা পূর্বের বাম মনোনীত সিপিআই(এম) প্রার্থী নিলয় মজুমদার ও বেহালা পশ্চিমের বাম মনোনীত সিপিআই(এম) প্রার্থী নিহার ভক্তের সমর্থনে এদিন বেহালা চৌরাস্তা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে দুই প্রার্থীর সমর্থনে এদিন উপস্থিত ছিলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত।
বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রার্থীর হয়ে মিছিল ও জনসভায় গিয়েছেন বেবি। সেখান থেকে তিনি বলেছিলেন যে বামপন্থীদের প্রতি বাংলার মানুষের যে সাড়া দেখা গিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে বাম পুনরুত্থানের পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। এদিনের মিছিল থেকেও সেই একই কথার প্রতিফলন শোনা গেলো তাঁর মুখে। বেবি বলেন, বাম পুনরুত্থানের লক্ষ্যকে সামনে রেখেই নির্বাচনে লড়াই হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াও আমরা দেখেছি। আর সেই উচ্ছ্বাসই বলছে বাংলায় বামেদের সাফল্য নিশ্চিত।"
বহুদিন বেহালার বিধায়ক ছিলেন তৃণমূলের পার্থ চ্যাটার্জি, শিক্ষা দুর্নীতির কারণে জেলও খেটেছেন তিনি। বর্তমানে তিনি জেলের বাইরে থাকলেও তৃণমূলের দুর্নীতির কথা এ অঞ্চলের মানুষের মুখে মুখে ঘুরছে। পাশাপাশি রয়েছে মেরুকরণের রাজনীতিও। 
এদিন প্রার্থী নিলয় মজুমদার বলেন, "আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। এই অঞ্চলের মানুষকে তৃণমূলের দুর্নীতি নিয়ে অবগত করার মতো আর কিছু নেই, তাই আমরা বলছি আপনাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে এবং আপনাদের দুর্দশার নিরসন করতে বামে আস্থা রাখুন। আমরা ইশ্‌তেহারে লক্ষ্য জানিয়েছি। সে কথাই বলেছি জনতার কাছে। মিলেছে সাড়া। "

Comments :0

Login to leave a comment