পূজা বোস ও অরিজিৎ মণ্ডল
যাদবপুরে সব বুথে লড়াই জারি রাখল সিপিআই(এম)। সারা রাজ্যের মতো এই কেন্দ্রেও ভোটদানের হার আগের তুলনায় বেশি।
যাদবপুরে সিপিআই(এম) প্রার্থী বিকাশ ভট্টাচার্য বলছেন, ‘‘উৎসাহ নিয়ে এই কেন্দ্রের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সামগ্রিকভাবে এলাকা শান্তিপূর্ণ।’‘
ভট্টাচার্য বলেছেন, ‘‘তৃণমূল যে গুণ্ডামি সাধারণভাবে করে থাকে এবার তা করতে পারেনি। প্রশাসন নিজের দায়িত্ব অনেকটাই পালন করেছে।’’
ভোটদানের প্রবণতা প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, দুর্নীতি এবং সাম্প্রদায়িক মেরুকরণ, এই দুয়ের বিরুদ্ধেই মত দিয়েছেন মানুষ।
এদিন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে যে মোটের ওপরে শান্তিপূর্ণই হয়েছে নির্বাচন। ভোটদাতাদের একাংশ বললেন, এসআইআর-এ হেনস্তা এবং তৃণমূল সরকারের দুর্নীতির বিপক্ষে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
তৃণমূল বুথের একশো মিটারের মধ্যে জমায়েত করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। তবে প্রতিরোধও হয়েছে। সিপিআই(এম) নেতৃবৃন্দ জানাচ্ছেন, গত কয়েকটি ভোটে এজেন্ট দেওয়া যায়নি বেশ কিছু এলাকায়। এবার তা সম্ভব হয়েছে।
ভট্টাচার্য বলছেন, ‘‘২০১৯’র লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম। সে সময় শহীদ স্মৃতি এলাকায় ঢুকতে পারিনি। এবার কিন্তু ওই এলাকায় গিয়েছি, কথা বলেছি।’’
ভোটদানের হারের পিছনে ভট্টাচার্য সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন জনতার সচেতন অংশগ্রহণকে।
Comments :0