সোমনাথ দত্ত: নাগরাকাটা
মানুষ বুঝছেন জীবন জীবিকার লড়াইয়ে ভরসা লাল ঝাণ্ডাই। চা বাগানের মজুরি থেকে কৃষকের ফসলের দামের জন্য লড়ায়ে প্রয়োজন মেহনতি মানুষ সব অংশের ঐক্য। বিভাজনের রাজনীতিকে হারিয়ে বামপন্থীদের জয়ী করতে হবে একজোটে জীবনজীবিকার লড়াইকে শক্তিশালী করার জন্য।
বৃহস্পতিবার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের ধুপঝোরায় নির্বাচনী জনসভা থেকে জোরালো বার্তা দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জলপাইগুড়ি জেলার চা-বন-কৃষি বেষ্টিত দুই বিধানসভা কেন্দ্র মাল ও নাগরাকাটা। আদিবাসী সংরক্ষিত এই দুই কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থীরা লড়াইয়ের ময়দানে জোর টক্কর দিচ্ছেন।
এদিন জনসভা থেকেই উঠে আসে বার্তা, ‘দেশ বাঁচাতে লাল ঝান্ডাকে শক্তিশালী করতেই হবে‘। একদিকে রুগ্ন ও বন্ধ ডুয়ার্সয়ের একাধিক চা বাগান। অপরদিকে কৃষিতেও মন্দা ক্রমশ গ্রাস করেছে। পাশাপাশি বনাঞ্চলগুলিতেও ক্রমশ বৃদ্ধি পেয়েছে চোরাকারবারিদের দৌরাত্ম। তৃণমূলের নেতারা অবৈধ টাকায় বেনামে চা বাগান গুলি কিনছে ও বিক্রি করছে। চা বাগানের জমি বিক্রি করে কর্পোরেট সংস্থাকে দেওয়া হচ্ছে। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না।
বামফ্রন্টের ইশ্তেহারের কথাই বলা হয়েছে জনসভায়। বামফ্রন্টের লক্ষ্য, চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা। চা বাগানের যুবকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।
বৃহস্পতিবার মাটিয়ালি ব্লকের উত্তর ধুপঝোড়ায় নাগরাকাটা বিধানসভার সিপিআই(এম) প্রার্থী দিলকুমার ওরাওঁয়ের সমর্থনে জনসভায় এসে সংবাদমাধ্যমকে এই কথা জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। পাশাপাশি এদিন তিনি তৃণমূলের রাজ্য সরকারের দুর্নীতি ও বিজেপির বিরুদ্ধেও সরব হন। তিনি আরও বলেন, ‘‘বিজেপি’র নেতারা এ রাজ্যে কেরালা এবং তামিলনাড়ুর মতো চা বাগান শ্রমিকদের ৪৫০ টাকা মজুরি দেওয়ার আশ্বাস দিচ্ছে। কিন্তু আসামের সরকারে আসীন বিজেপি। সেখানকার শ্রমিকদের মজুরিকে নিয়ে তারা কোন কথা বলছেন না। কেরালায় সরকারে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং তামিলনাডুতে ডিএমকে সরকার। অ-বিজেপি সরকার রয়েছে বলেই সেখানকার শ্রমিকরা ৪৫০ টাকা মজুরি পাচ্ছে।’’
জনসভায় তৃণমূল এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিরও কড়া সমালোচনা করেন সেলিম। ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা নিয়েও ক্ষোভ জানান তিনি। কৃষকদের দুর্দশার কথাও উঠে আসে। ফসলের ন্যায্য দাম ও গ্রামীণ কর্মসংস্থান বাড়ানোর দাবিও জানানো হয়।
জনভায় নাগরাকাটা বিধানসভার প্রার্থী দিলকুমার ওরাওঁ এবং মাল বিধানসভার প্রার্থী মনু ওরাওঁকে মঞ্চে তুলে জনতার কাছে জয়ী করার আবেদন জানান। এই দিনের এই জনসভায় নাগরাকাটা ও মেটেলি ব্লকের বিভিন্ন এলাকার সিপিআই(এম)'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments :0