Jamia Milia Protest

আরএসএস’র অনুষ্ঠান জামিয়ায়, প্ররোচনায় প্রতিবাদ ছাত্রছাত্রীদের

জাতীয়

জামিয়া মিলিয়ায় প্রতিবাদে ছাত্রছাত্রীরা।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের বিরোধিতা করে মঙ্গলবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী তাঁদের ক্যাম্পাসে মধ্যে বিক্ষোভ দেখিয়েছেন। এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা অংশ নেন প্রতিবাদে।
ক্যাম্পাসে দিল্লি পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের উপস্থিতির মধ্যেই  ছাত্রছাত্রীরা "জামিয়া আমাদের বিশ্ববিদ্যালয়, তোমাদের শাখা নয়" - স্লোগান দিতে থাকেন। সেইসঙ্গে, " ক্যাম্পাসের গেরুয়াকরণ প্রত্যাখ্যান করুন" লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যাম্পাসজুড়ে "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান দিতে থাকেন ছাত্রছাত্রীরা।
বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের একজন সংবাদমাধ্যমকে জানান, " আরএসএস তাদের প্রধান অতিথিকে অডিটোরিয়ামের অনেকগুলো প্রবেশপথের একটি দিয়ে ভেতরে ঢোকানোর চেষ্টা করছিলো কিন্তু আমরা অডিটোরিয়ামের ঠিক বাইরেই প্রতিবাদ জানাচ্ছিলাম।" 
এসএফআই এবং এআইএসএ, বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে জুতো ছাত্রছাত্রীরাই এদিনের বিক্ষোভে অংশগ্রহণ করেন। আরএসএস'র তরফে উপস্থিত কর্মকর্তাদের দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়। 
আরএসএস'র শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত " যুব কুম্ভ " অনুষ্ঠানটির আগের দিনই এসএফআই বিরোধিতা করে। কর্তৃপক্ষকে বলা হয় যে অনুষ্ঠানটি 'সরাসরি প্ররোচনামূলক'।  
এআইএসএ দিল্লির সভাপতি এবং জামিয়ার ছাত্র সাইদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন। তিনি বলেন, “এই সেই জামিয়া, যেখানে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ ছাড়া অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে আলোচনা করারও অনুমতি দেওয়া হয় না, অথচ আরএসএস-কে একটি শীতাতপ নিয়ন্ত্রিত হলে সম্পূর্ণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন যে, আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ছাত্ররা ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে।

Comments :0

Login to leave a comment