Surya Mishra

মতাদর্শকে হাতিয়ার করে নয়া ফ্যাসিবাদ মোকাবিলার আহ্বান সূর্য মিশ্রের

রাজ্য জেলা

বারাকপুরে বক্তব্য রাখছেন সূর্য মিশ্র। ছবি: অভিজিৎ বসু

বিশ্বজিৎ রায়: বারাকপুর

নয়া ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে বিজেপি। স্বাধীনতার পরে এই প্রবণতা সবচেয়ে বিপজ্জনক। একে মোকাবেলা করতে মতাদর্শকে হাতিয়ার করে মানুষকে সংগঠিত করে লড়াই আন্দোলন গড়ে তুলতে হবে। 
বারাকপুরে এক সভায় প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র একথা বলেন। সিপিআই(এম) বারাকপুর এরিয়া কমিটির উদ্যোগে বারাকপুর দয়াময়ী ভিলায় প্রয়াত পার্টিনেতা জয়ন্ত সুরের স্মরণসভা অনুষ্ঠিত হয়। ‘মতাদর্শ ও আজকের সংগ্রাম শীর্ষক’ এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) নেতা প্রভাত ভান্ডারী। এই সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, সন্দীপন রায় সহ নেতৃবৃন্দ। সভায় প্রয়াত কমরেড জয়ন্ত সুর এর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। তাঁর স্ত্রী জলি সুর মহিলা নেত্রী ও পুত্র নীলাভ্র সুর পার্টির এরিয়া কমিটির সদস্য। আজকের সভায় প্রাক্তন সাংসদ তড়িত বরণ তোপদার ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন।
মিশ্র বলেন, আরএসএস’র মতাদর্শকে বাস্তবায়িত করছে বিজেপি। এরা হিন্দুত্ববাদ কায়েম করতে চাইছে। উগ্র সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। এই রাজ্যে বিজেপি কিভাবে সরকার পরিচালনা করবে তার জন্য আরএসএস’র কাছে যাচ্ছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা কোথায় যাচ্ছে! সুপ্রিম কোর্টের রায়ে দেশে রামমন্দির হচ্ছে। এখন রামমন্দিরের  সোনা লুট হচ্ছে। 
তিনি বলেন, মোদী সরকার খোলাখুলিভাবে আমেরিকার কাছে আত্আমসমর্পণ করেছে। মাদের দেশের ইতিহাস ও সংস্কৃতি পাল্টে দিতে চাইছে। যা আমাদের দেশের কাছে বড় বিপদ। আমাদের কাছে এটা এই বিপদ রুখতে হবে। উগ্র সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। নয়া ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, তৃণমূলের ভয়াবহ লুটের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে বিজেপি-কে ভোট দিয়েছেন। বিভিন্ন কৌশল অবলম্বন করে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসেছে। এরা ক্ষমতায় এসেই গরিব মানুষের ওপর ভয়াবহ আক্রমণ নামিয়ে এনেছে। এই রাজ্যের ইতিহাস ও সংস্কৃতি সম্প্রীতি নষ্ট করতে চাইছে। ইতিহাসের বৈজ্ঞানিক উপাদানগুলো বাদ দিয়ে ইতিহাসকে নিজেদের স্বার্থে বিকৃত করতে চাইছে। এর মোকাবেলায় সঠিক ইতিহাসের ভাষ্যকে তুলে ধরতে হবে। 
প্রাক্তন সাংসদ ও সিপিআই(এম) নেতা তড়িত বরণ তোপদার ভিডিও বার্তায় বলেন, মতাদর্শ হচ্ছে কমিউনিস্ট পার্টির ভিত্তি। কমিউনিস্ট পার্টির মতাদর্শের ওপর দাঁড়িয়ে কমরেড জয়ন্ত সুর পথ চলেছিলেন।
সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জী বলেন, কমরেড জয়ন্ত শুর ছাত্র,যুব আন্দোলন ছেড়ে শ্রমজীবী প্রান্তিক মানুষের লড়াই আন্দোলনে সামিল হয়েছিলেন। বুলডোজার রাজনীতির শক্তির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে হবে।

Comments :0

Login to leave a comment