Nanoor cpim

শহীদের রক্তে ভেজা নানুরের জনপথ আজও জানান দিচ্ছে মোছেনি লালঝাণ্ডা

রাজ্য জেলা

রণদীপ মিত্র

অবরুদ্ধ নানুরে দীর্ঘ দশক পর লালপতাকার সমাবেশ, আনন্দ দাস, বাদল সেখদের লড়াইকে প্রসারিত করার বার্তা সমাবেশ থেকে।  
গত বিশ বছরে বার বার লাল হয়েছে নানুরের গ্রামপথ। শহীদের রক্তে ভেজা সেই পথে লাল পতাকাকেও নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে প্রায় প্রতিদিন। কিন্তু লড়াকু জনপদের স্পর্ধা, জেদকে নিশ্চিহ্ন করতে পারেনি কেউ। তাই তো আনন্দ দাস থেকে বাদল সেখের মত বহু শহীদের রক্তে রাঙা সেই নানুরের মন থেকে লাল নিশানকে মুছতে পারেনি কেউ। যার প্রমান দিল সোমবারের তপ্ত দুপুর। জমাট হওয়া মানুষের ভীড় নানা প্রান্ত থেকে আছড়ে পড়ল সেই নানুরের গঞ্জে। যেখান থেকেই ঢিল ছোঁড়া দুরত্বে থাকা গলিপথ সাক্ষী হয়েছিল আনন্দ দাসের নৃশংস হত্যালীলার। সেই পাশবিক আক্রমন আজও মানুষকে শিউড়ে তোলে। তবে মানুষ স্রেফ শিউড়ে ওঠেন তা নয়। বরং সেই শিউড়ে তোলা দৃশ্য মানুষকে দেয় প্রতিরোধী মেজাজও। সোমবার নানুরে আনন্দ দাসের লড়াইকে স্মরন করে হওয়া সমাবেশ তার প্রমান। সমাবেশের আগে হয়েছে বিশাল মিছিল। সেই সমাবেশ থেকে আগামীর লড়াইকে আরো তীব্র করার বার্তা দিয়েছে। যে বার্তার সাথে মানুষও হয়েছেন একাত্ব। নিয়েছেন শপথ। লাল পতাকায় মোড়া এদিনের নানুরের মেজাজই তার প্রমান। সমাবেশে মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, গৌতম ঘোষদের, শ্যামলী প্রধান,সব্যসাচী চ্যটার্জীদের গলা থেকে বেরোনো প্রত্যয়ী স্বর নানুরে বইয়েছে লড়াইয়ে জোয়ার আনার উৎসাহ, অঙ্গীকার।

Comments :0

Login to leave a comment