পদত্যাগ করলেন চুঁচুড়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। অপমান সহ্য করে কাজ করা সম্ভব নয়, তাই পদত্যাগ বলে জানালেন চেয়ারম্যান।
বৃহস্পতিবার প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা। কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেন তাঁরা। পৌরসভা সূত্রে খবর, এদিন পৌরসভায় কাউন্সিলরদের বোর্ড মিটিং ছিল। সেই মিটিংয়েই ইস্তফা দেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। সেই ইস্তফার প্রতিলিপি পাঠানো হয়েছে সদর মহকুমা শাসককেও।
২০২২ সালে পুরসভা নির্বাচনে চুঁচুড়া পুরসভার ৩০ টি আসনের মধ্যে ২৯ টি আসন জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ১ টি আসনে জয়ী হয় সিপিআই(এম)।
তৃণমূল চেয়ারম্যান করে অমিত রায়কে এবং ভাইস চেয়ারম্যান করা হয় পার্থ সাহাকে।
লোকসভা নির্বাচনে চুঁচুড়ায় প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে পরে তৃণমূল।এরপরই ১১ ডিসেম্বর ২০২২ তারিখে অমিত রায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সৌমিত্র ঘোষকে সেই পদে বসানো হয়।
তৃণমূলের অন্দরে খবর ছিল টাকার বিনিময়ে চেয়ারম্যান পদ বদল হয়েছিল।
যদিও তা প্রকাশ্যে কেউ স্বীকার করেনি। এবার সেই পদ থেকেই সরে দাঁড়ালেন সৌমিত্র ঘোষ পাশাপাশি ইস্তফা দেন পার্থ সাহা।
Comments :0