একশো দিনের কাজের আইন বাতিল করে ‘বিকশিত ভারত জি রামজি’ আইন চালু করেছে কেন্দ্র। বলা হয়েছে ১২৫ দিন কাজের কথা। অথচ উদয়পুরে আদিবাসী এলাকায় গত ৬ মাসে মাত্র ১৮ দিন কাজ মিলেছে।
রাজস্থানের উদয়পুরে আদিবাসী গ্রাম বারাপলে যান প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত। আদিবাসী অধিকার জাতীয় মঞ্চের সহ সভাপতিও তিনি। গ্রামবাসীরা তাঁকে জানিয়েছেন সমস্যার কথা।
গ্রামে কাজ পেতে গেলে নির্দিষ্ট পরিচয় যাচাই করে প্রতিদিন অনলাইনে হাজিরা নথিভুক্ত করতে হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার এই নিয়ম চালু করেছে দিল্লিতে বসে। অথচ প্রত্যন্ত গ্রামে অনলাইনে সংযোগেই সমস্যা হচ্ছে।
গ্রামবাসীরা বলেছেন সার্ভারে সমস্যার কথা বলছেন কর্মীরা। কাজের জায়গায় সাড়ে ৬টায় চলে এলেও দশটা পর্যন্ত কাজ শুরু হচ্ছে না।
কারাত বলেছেন, ‘‘একশো দিন কাজের অধিকার স্বীকৃত হয়েছিল আইন করে। ‘জি রাম জি’ আইন পাশ করে সেই অধিকার লঘু করা হয়েছে। আমরা চাই একশো দিনের কাজের আইন মনরেগা আরও সম্প্রসারিত হোক। ‘জি রামজি’ বাতিল করাতে হবে। সেই দাবিতে লড়াই চলবে।’’
সিপিআই(এম) উদয়পুর জেলা সম্পাদক রাজেশ সিংভি সহ নেতৃবৃন্দ ছিলেন কারাতের সঙ্গে।
এদিকে দিল্লিতে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশও জিরামজি আইনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘‘পুরো প্রকল্পকে কেন্দ্রের হাতের মুঠোয় আনার চেষ্টা করতে গিয়ে কাজের সুযোগ কমানো হচ্ছে। মনরেগার মতো আইন বাতিল করার আগে প্রয়োজনীয় আলোচনা পর্যন্ত করেনি নরেন্দ্র মোদী সরকার।’’
Brinda Karat Udaypur
‘জি রামজি’-তে ছয় মাসে কাজ মিলেছে ১৮ দিন, আদিবাসী মহিলারা জানালেন বৃন্দা কারাতকে
উদয়পুরের আদিবাসী গ্রামে মহিলাদের কথা শুনছেন বৃন্দা কারাত।
×
Comments :0