প্রবীর দাস
আমাদের একটাই পরিচয়, আমরা গরিব মানুষের জাত। কোনও হিন্দু মুসলমান বুঝি না। সমস্ত বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। বিডিওকে জবাব দিতে হবে। বিজেপি সরকারের এই অপকৌশল ভেঙে দিতে হবে। সোমবার এমনই জেদি আওয়াজ তুললো হাজার হাজার শ্রমজীবীরা। সন্দেশখালি ১নং বিডিও অফিস চত্বরে হাজার হাজার নারী পুরুষ অবস্থান বিক্ষোভে সামিল হয় সোমবার।
ভোটের আগে আমাদের বারবার দৌড় করিয়েছে বিডিও। রোজ কামাই করে এসেও নাম নেই, ভোট দিতে পারিনি। আমাদের ভোটে সরকার নির্বাচিত হয়। অথচ আমাদের বাদ দিয়ে দিয়েছে। এর জবাব বিডিওকে দিতে হবে। লায়লা বিবি, সালাউদ্দিন শেখ,কৃষ্ণ সর্দার, বিষ্ঞু সর্দার, সত্তরোর্ধ্ব লালমণি মাহাতরা একরত্তিদের কোলে নিয়ে এই দাবিতে ন্যাজাটে বিডিও অফিসের মূল প্রবেশদ্বারে এসে বিক্ষোভ দেখাতে থাকে। হাজার হাজার ডিলিট ভোটারদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় সারাভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক নিরাপদ সর্দার বলেন, "নির্বাচন কমিশনের নিয়োগ প্রাপ্ত বিএলওরা স্থানীয় স্তরের। তাদের মতামতকে কী আদৌ গুরুত্ব দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলে হাজার হাজার বেকার ছেলে মেয়েরা ভিনরাজ্যে। বিডিও কী করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিল। নির্বাচন কমিশন শীত ঘুমে। বিজেপির ষড়যন্ত্র করে বুথে বুথে শয়ে শয়ে লোককে বাদ দিয়েছে। নির্বিচারে নির্মমভাবে নির্বোধের মতো বাদ দিয়ে দিয়েছে। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে ডিলিট ভোটার করে দিল। তালিকা দেখলে বোঝা যাচ্ছে শুধু মুসলিম নয় শয়ে শয়ে হিন্দুদের নাম বাদ দিয়েছে।"
তিনি আরও বলেন, "কেন বাদ দেওয়া হলো? এত গরীব মানুষ আদালতে যাবে কোন ভরসায়? যাদের না খাটলে খাওয়া হয় না। আইনী সহায়তা শিবিরে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। কে দেবে এর জবাব? এই ভোট বৈধ নয়। কেন এদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো? কোন উদ্দেশ্য বেঘর করছে। এরা কী বাণের জলে ভেসে এসেছে। এদের ফিসারি থেকে হাজার হাজার কোটি টাকা সরকারের কোষাগারে যায়।এরা বেনাগরিক? ক্ষমতায় আসার জন্য যা খুশি তাই করা যায় না। যারা ডিলিট ভোটার বলে দাগিয়ে দিল কেন তাদের শাস্তি হবে না? আইন থাকা সত্ত্বেও ১০০দিনের কাজ বন্ধ দীর্ঘদিন। সেই আইন তুলে দিয়ে আইন নেই এমন ১২৫দিনের কাজ শুরু করতে চাইছে।কী গ্যারান্টি আছে তার।ভিভি গ্রামজি প্রকল্প বাতিলের আওয়াজ তুলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে আগামী ১ জুলাই থেকে। দিল্লির কৃষক আন্দোলন পথ দেখিয়েছে। সেই পথেই দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিন। ১জুলাই ব্লকে,ব্লকে আওয়াজ তুলুন ১০০ দিনের কাজ ফিরিয়ে দাও। বাতিল করো ভিভি গ্রামজি প্রকল্প।
লাল ঝান্ডার ডাকে এদিন সন্দেশখালি১নং ব্লকের কালিনগর,সেহারা,রাধানগর,ন্যাজাট,আখড়াতলা,মেটেখালি,সরবেরিয়া,বয়ারমারি,হাটগাছি থেকে হাজার হাজার হিন্দু মুসলমান আদিবাসী সম্প্রদায়ের মানুষ অবস্থান বিক্ষোভে সামিল হয়।কোন বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না। ট্রাইব্যুনালে আবেদনকারী ভোটারদের নাম নিষ্পত্তি করতে হবে।যোগ্য সকলকে সরকারি ভাতা দিতে হবে।স্মার্টমিটার বসানো চলবে না। সমস্ত সরকারি প্রকল্পে দুর্ণীতির তদন্ত করতে হবে।একশো দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে।
Comments :0