Cyclone Akvan

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সমুদ্র, ওড়িশায় সতর্কতা

জাতীয়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ক্রমশ উত্তাল হয়ে উঠছে সমুদ্র। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য আছড়ে পড়ার স্থান প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ হলেও তার প্রভাব পড়তে চলেছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতেও। পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূলবর্তী এলাকায় পর্যটন এবং সমুদ্রকেন্দ্রিক বিনোদনমূলক কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি করলো ওড়িশা সরকার।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঝড়ের স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ওড়িশায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার সেই গতিবেগ বেড়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাত থেকেই শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সতর্কতা জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে ওড়িশা প্রশাসন। রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার রাজেশ পি পাটিল পর্যটন দপ্তরের কমিশনার তথা সচিবকে চিঠি দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
চিঠিতে তিনি জানিয়েছেন, উত্তাল সমুদ্র, প্রবল ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং উপকূলবর্তী এলাকায় জল ঢুকে পড়ার আশঙ্কা থেকে পর্যটক, স্থানীয় বাসিন্দা, পর্যটনকর্মী এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা জরুরি। সেই কারণে ঝুঁকিপূর্ণ উপকূলবর্তী এলাকায় সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটন ও বিনোদনমূলক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, নৌকাবিহার, জলক্রীড়া, ভ্রমণের জন্য সমুদ্রযাত্রা এবং অন্যান্য জলভিত্তিক পর্যটন পরিষেবা আপাতত বন্ধ রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপজ্জনক সমুদ্রসৈকত, সমুদ্রতীরবর্তী এলাকা, জেটি এবং সমুদ্র দেখার নির্দিষ্ট স্থানগুলিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।
পাশাপাশি উপকূলবর্তী এলাকার হোটেল, রিসর্ট, পর্যটন সংস্থা এবং ট্যুর অপারেটরদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলে থাকা পর্যটকদের ঘূর্ণিঝড়ের বিষয়ে আগাম সতর্ক করতে হবে। অপ্রয়োজনীয় বাইরে যাওয়া ও সমুদ্রসৈকতে ঘোরাফেরা বন্ধ রাখতে হবে। প্রয়োজনে প্রশাসনের নির্দেশ মেনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যবস্থাও রাখতে হবে। পাশাপাশি জরুরি যোগাযোগের নম্বর এবং প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ ত্রাণ কমিশনার স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রত্যাহার না হওয়া এবং সংশ্লিষ্ট জেলার প্রশাসন পরিস্থিতিকে নিরাপদ বলে ঘোষণা না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আছড়ে পড়ার আগেই তাই উপকূলবর্তী এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করছে ওড়িশা সরকার। পর্যটকদের নিরাপত্তা এবং সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

Comments :0

Login to leave a comment