TMC

গ্রেপ্তার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

কলকাতা

গ্রেপ্তার কলকাতা পৌরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কলকাতা পৌরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। প্রতারণা, নথি জালিয়াতি, শ্লীলতাহানি -সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ১১ বরোর চেয়ারম্যানও ছিলেন তারক।
শনিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ ছিল। অভিযোগ, দলবল নিয়ে পরিকল্পিতভাবে ভেড়ি দখল করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় সার্ভে পার্ক থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। 
তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তারকেশ্বর চক্রবর্তীর সম্পত্তির উৎস নিয়েও তদন্ত শুরু হয়েছে। 
রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই কলকাতা পৌরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল তারকেশ্বর চক্রবর্তীর নাম। এর আগে বাপ্পাদিত্য দাশগুপ্ত, মহেশকুমার শর্মা, অরিজিৎ দাস ঠাকুর, সুদীপ পোল্লে, শচীন সিংহ, বিশ্বজিৎ মণ্ডল ও সুস্মিতা ভট্টাচার্য-সহ একাধিক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment