শনিবার সকালে কালিঘাট স্টেশনে এক ব্যক্তি মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ায় সাময়িকভাবে ব্যাহত হয় ব্লু লাইনের পরিষেবা। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে মনে করা হচ্ছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।
মেট্রো রেলের এক শীর্ষ আধিকারিক জানান, শনিবার সকাল প্রায় ৭টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। এরপর উদ্ধারকাজের স্বার্থে এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু সময়ের জন্য আংশিক পরিষেবা চালু রাখা হয়। ওই সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও মাঝের অংশে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মেট্রো রেলের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে মেট্রো কর্মী ও জরুরি পরিষেবার সদস্যরা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ ব্লু লাইনের সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, উদ্ধারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে পরিষেবা বন্ধ করা হয়েছিল। ঘটনার প্রায় ২৫ মিনিটের মধ্যেই পুরো ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু হয়।
kolkata metro
কালিঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ, অল্প সময়ের জন্য ব্যাহত ব্লু লাইনের পরিষেবা
×
Comments :0