State Budget 2026

আগামীকাল রাজ্য বাজেট, প্রতিশ্রুতি পূরণ নিয়ে রয়েছে জল্পনা

রাজ্য

আগামীকাল রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট। বিধানসভায় সেই বাজেট পেশ করবেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গালভরা একাধিক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নির্বাচনী প্রচারে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তা এই বাজেটে পূরণ হবে কিনা সেই দিকেই চোখ রয়েছে রাজ্যের মানুষের। 
ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একটি সরকারি প্রকল্পের জন্য চাওয়া হচ্ছে একজন ব্যক্তি ও তার পরিবারের যাবতীয় নথি। কেন এই তথ্য নেওয়া হচ্ছে তার কোন সঠিক উত্তর নেই প্রশাসনের কাছে। 
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ডিএ-কে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছিল অসন্তোষ। বারবার তারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন। আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন। কিন্তু তাদের দাবি পূরণ করা হয়নি। বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএ শোধ করা। 
রাজ্য বিজেপির অন্যতম নেতা বিমল শঙ্কর নন্দর কথায় সরকারি কর্মচারী সংগঠন গুলির সাথে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠক ইতিবাচক হয়েছে। তবে তাদের দাবি পূরণ করা হবে কিনা তা সঠিক করে বলতে পারেননি তিনি। 
শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বিজেপি কত বরাদ্দ করে তা নিয়েও রয়েছে জল্পনা। 
উল্লেখ্য পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের কোন মন্ত্রী বিজেপি মন্ত্রিসভায় নেই। পূর্বাঞ্চল এবং জঙ্গল মহলে উন্নয়নের জন্য বিজেপির কোন স্পেশাল প্যাকেজ থাকে কিনা সেই দিকে রয়েছে নজর।

Comments :0

Login to leave a comment