Hasimara

হাসিমারায় নর্দমায় তলিয়ে শিশুকন্যার মৃত্যু, ক্ষোভ স্থানীয়দের

জেলা

আলিপুরদুয়ার জেলার হাসিমারায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল চার বছরের এক শিশুকন্যা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভার্নাবাড়ি চা বাগানের বাসিন্দা ওই শিশুটি পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে আসা এক আত্মীয়কে বড় রাস্তায় পৌঁছে দিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে অসাবধানতাবশত রাস্তার পাশের নর্দমার জলে তলিয়ে যায় সে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধারের জন্য তৎপর হন। পরে খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার অনুসন্ধানের পর ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সাতালি চা বাগান এলাকার একটি নর্দমা থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়।
শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জয়গাঁ-আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। উদ্ধার হওয়া দেহটি ময়নাতদন্তের জন্য লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন হাসিমারায় শিশু মৃত্যুর ঘটনা দুঃখজনক। তিনি মৃত শিশুর পরিবারকে জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসিমারায় পরিকল্পিত দখলদারির ফলে নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। নর্দমা দখল করে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, সাতালি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িও সেই অবৈধ নির্মাণের তালিকায় রয়েছে। এই সব অবৈধ নির্মাণের ফলে নর্দমার স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে। যার জেরে নর্দমার জল উপচে পার্শ্ববর্তী ভার্নাবাড়ি চা বাগানে জমা হয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও এই বেআইনি দখলের কারণেই চার বছরের একরত্তি শিশুকে অকালে প্রাণ দিতে হল।

Comments :0

Login to leave a comment