রাজ্যে রাজ্যে ১২টি তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে কম করেও ১৩.২৭ লক্ষ কোটি টাকা আয় নিশ্চিত করেছে আদানি গোষ্ঠী। যার বেশিরভাগই বিজেপি পরিচালিত রাজ্যের সরকার থেকে।
ভারত সরকার ২০২৪ সালে দীর্ঘমেয়াদী কয়লা থেকে তাপবিদ্যুৎ ক্রয়ের চুক্তি পুনরায় চালু করে। তারপর থেকে আদানি গ্রুপ বহু সরকারি চুক্তি পেয়েছে। জানা গিয়েছে এই চুক্তির ফলে আগামী ২৫ বছরে তাদের আয় হবে ১৩.২৭ লক্ষ কোটি টাকারও বেশি। বিদ্যুৎ ক্রয়ের এই চুক্তিগুলোর মধ্যে প্রায় সবগুলিই বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে পেয়েছে তারা।
২০২৪ সালের মার্চ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বারোটি চুক্তির জন্য দরপত্র চাওয়া হয়েছিল। এর মধ্যে আটটিই ছিল বিজেপি শাসিত রাজ্যের। আদানি গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই সবকটি চুক্তিই নিজেদের দখলে নেয়।
সংবাদ বিষয়ক ওবেবসাইট ‘রিপোর্টার্স কালেকটিভ’-র একটি তদন্তধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে বিদ্যুতের শুল্ক বাবদ প্রাপ্য থেকে ১৩.২৭ লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে আদানি গোষ্ঠীর সঙ্গে।
জানানো হয়েছে যে উত্তর প্রদেশে ১৬০০ মেগাওয়াট প্রকল্প থেকে আদানির আয় ১.৪ লক্ষ কোটি টাকা, বিহারে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের প্রকল্পে আয় ২.৪ লক্ষ কোটি টাকা, মধ্য প্রদেশে ১৬০০ মেগাওয়াট প্রকল্পে আয় ১.৫ লক্ষ কোটি টাকা, মহারাষ্ট্রে তিনটি প্রকল্প থেকে আয় ১.৪ লক্ষ কোটি, ১.৩ লক্ষ কোটি এবং ১.২ লক্ষ কোটি টাকা। আসামে ৩৩০০ মেগাওয়াট প্রকল্পে থেকে ৩.৩ লক্ষ কোটি টাকা আয়ের চুক্তি হয়েছে আদানির সঙ্গে। এমন চুক্তি হয়েছে কর্নাটকের সঙ্গেও।
রিপোর্টার্স কালেকটিভ জানাচ্ছে যে দীর্ঘমেয়াদী প্রকল্পে কয়লা থেকে উৎপন্ন বিদ্যুৎ কিনতে রাজ্য সরকারগুলি প্রায় দু’দশক সময় ধরে বাধ্য থাকবে। কোনও কোনও চুক্তিতে পুনর্বীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহার হবে। আদানিকে কার্যত ১৩.২৭ লক্ষ কোটি টাকার আগাম নিশ্চয়তা দেওয়া হয়েছে। সরকারিভাবে চুক্তি প্রকাশ করা হয়নি। রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রকের বিভিন্ন নির্দেশিকা বিশ্লেষণ করে হিসেব বের করা হয়েছে বলে জানাচ্ছে এই ওয়েবসাইট।
আদানি পাওয়ার এ সংক্রান্ত প্রশ্নে জানিয়েছে যে প্রতিযোগিতামূলক নিলাম পদ্ধতিতে বরাত মিলেছে। রাজ্যস্তরের বিদ্যুৎ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিদ্যুতের মাশুল অনুমোদন করেছে। তার আগে দেখে নেওয়া হয় যে মাশুলের প্রস্তাবিত অঙ্ক প্রতিযোগিতামূলক কিনা।’’ আরও বলা হয়েছে, ‘‘সব জায়গায় স্বচ্ছ এবং খোলা পদ্ধতিতে নিলামে অংশ নিয়েছে আদানি গোষ্ঠী।’’
Adani Power Deal
পরপর বরাত! ১২টি বিদ্যুৎ প্রকল্প থেকে ১৩.২৭ লক্ষ কোটি আয়ের চুক্তি আদানির
×
Comments :0