BJP Worker Dies

বাগনানে দুই দলের সংঘর্ষে বিজেপি কর্মীর মৃত্যু

জেলা

বিজেপি তৃণমূলের সংঘর্ষে বাগনানে নিহত বিজেপি কর্মী। ঘটনায় উত্তপ্ত বাগনানের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ি এলাকা। জানা গেছে গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল পরিচালিত আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মফিজুল ইসলাম দল বল নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। বুধবার এলাকায় খবর আসে ওই উপপ্রধান বাড়ি ফিরেছেন। অভিযোগ রাতেই কয়েকজন বিজেপি কর্মী উপপ্রধানের বাড়ি ঘেরাও করলে উপপ্রধানের দলবল বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। শুরু হয় সংঘর্ষ। লাঠি সোটা এবং লোহার রড নিয়ে পরস্পর পরস্পরের উপর ঝাপিয়ে পড়ে। এই ঘটনায় প্রশান্ত দে(৫০) নামে এক বিজেপি কর্মীর মাথায় আঘাত লাগে। গুরুতর জখম হন তিনি। তাকে আহত অবস্থায় উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আরও তিনজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 
খবর পেয়ে রাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। 
এলাকার মোতায়েন করা হয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হাওড়া গ্রামীণ পুলিশের সুপারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আটক করেছে। যদিও উপপ্রধান শেখ মফিজুল ইসলাম ও তার সঙ্গীরা পলাতক। তাদের খোঁজে চলছে তল্লাশি।শেষ পাওয়া খবরে জানা গেছে বাগনানে খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment