সপ্তসিন্ধু জয়ের স্বপ্ন নিয়ে শুক্রবার রাতেই জাপানের সুগারু চ্যানেলের জলে নামছেন কালনার সায়নী দাস। এই চ্যানেল জয় করতে পারলেই সায়নী প্রথম ভারতীয় মহিলা হিসেবে সপ্তসিন্ধু পার করার নজির গড়বেন। তিনি ইতিমধ্যেই সপ্তসিন্ধুর ৬টি চ্যানেল ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই চ্যানেল, কুক প্রনালী, নর্থ চ্যানেল ও জিব্রাল্টার চ্যানেল পার করে ফেলেছেন। সপ্তসিন্ধুর শেষ চ্যানেল জাপানের সুগারু চ্যানেল পার করার লক্ষ্যে ইতিমধ্যেই সেখানে পৌঁছে চূড়ান্ত পর্যায়ের অনুশীলনও শেষ করে এখন শুধু জলে নামার অপেক্ষা। তার জলে নামার সময় হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১২ টা ৪১ মিনিটে (জাপানের সময় অনুসারে শনিবার ভোর চারটে ১১ মিনিট)। তিনি জাপানের হনসুর কোদোমারি পোর্ট থেকে সাঁতার শুরু করবেন। জানা গেছে ওই দিন সায়নী ছাড়াও তুরস্ক ও সুইৎজারল্যান্ডের দুই সাঁতারুও সুগারু চ্যানেল পার হওয়ার জন্য জলে নামার অনুমতি পেয়েছেন। তবে এই চ্যানেলের সোজাসুজি দূরত্ব ১৯.৫ কিলোমিটার হলেও তীব্র স্রোত এড়িয়ে চ্যানেল পার হওয়ার জন্য ঘুরপথে সায়নীকে প্রায় ৫০ কিলোমিটার সাঁতার কাটতে হবে। সময় লাগবে প্রায় ১৫ ঘণ্টা। তাঁর সঙ্গে আছেন মা ও বাবা এবং দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত কোচ তপন কুমার পানিগ্রাহী। এই চ্যানেলকে বিশ্বের অন্যতম দুর্গম জলপথ বলে ধরা হয়। সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানালেন, এই চ্যানেল পার হওয়া অতি কঠিন চ্যালেঞ্জ। তবুও মানসিক ভাবে সায়নী বেশ শক্ত রয়েছেন।
Sayani Das
সপ্তসিন্ধু জয়ের স্বপ্নে লড়াই শুরু সায়নীর
×
Comments :0