Iran US

লেবাননে ফের হামলা ইজরায়েলের, পিছাচ্ছে জেনেভায় আমেরিকা-ইরান বৈঠক

আন্তর্জাতিক

সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়াতে একমত দু’দেশ। সংবাদমাধ্যমে এমন দাবির মধ্যেই লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। আমেরিকা-ইরান সমঝোতা প্রয়োগে এই পরিস্থিতি প্রভাব ফেলতে পারেও বলে আশঙ্কা করা হয়েছে। 
এর আগেই সমঝোতায় সই করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই শুক্রবার ফের ইজরায়েলের হামলার নিন্দা করেছেন। আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে সুইৎজারল্যান্ডের জেনেভায় যাওয়ার কথা ছিল ইরানের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদেরও। পরিস্থিতির জেরে জেনেভায় আলোচনা পিছিয়ে গিয়েছে। লেবানন জানিয়েছে শুক্রবারের হামলায় তাদের ১৮ জন নিহত।
ইরানে হামলা করার পর পিছাতে হয়েছে আমেরিকা-ইজরায়েল জুটিকে। তীব্র নিন্দার মুখে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে এসে আলোচনায় বসতে হয়েছে। এই অবস্থায় ট্রাম্প এদিন দাবি করেছেন, ‘ইরানকে চুক্তি সই করতে হয়েছে বাধ্য হয়ে। ওরা এক পয়সাও পাবে না। দশ সেন্টও না।’’
অথচ সংবাদ মাধ্যমে বেরিয়ে গিয়েছে যে ইরানকে ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে সমঝোতা করতে রাজি করিয়েছে আমেরিকা। ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞাও তুলে নিতে হচ্ছে। ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালি আগের মতো খুলে দেওয়া হবে। 
আমেরিকার সংবাদ ওয়েবসাইট সিবিএস জানাচ্ছে যে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স সুইৎজারল্যান্ড যাওয়ার সূচি আপাতত পিছিয়েছেন। হোয়াইট হাউস ব্যবস্থাপনাজনিত ত্রুটিকে কারণ দেখাচ্ছে। 
ইরান-আমেরিকা সমঝোতায় মধ্যস্থতাকারীর ভূমিকায় নেওয়া পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশরের প্রতিনিধিরা রবিবার বসছেন মিশরের কায়রোয়।

Comments :0

Login to leave a comment