Maynaguri Municipality

বেহাল দশা ময়নাগুড়ির পৌর পরিষেবার, ক্ষোভ শহরবাসীর

জেলা

​রাজ্যে পালাবদলের পর থেকেই ময়নাগুড়ি পৌরসভার বেহাল দশা চরমে পৌঁছেছে। প্রশাসনিক ব্যর্থতা, লাগামহীন গাফিলতি ও তৃণমূল পরিচালিত বোর্ডের চরম অযোগ্যতার জেরে কার্যত ভেঙে পড়েছে নাগরিক পরিষেবা। চেয়ারম্যান ও হাতেগোনা কয়েকজন কাউন্সিলর ছাড়া বাকিদের দেখা মেলা ভার। স্বাভাবিকভাবেই পরিষেবা তলানিতে ঠেকায় শহর জুড়ে বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভের আঁচ।
​দীর্ঘ দেড় মাস ধরে শহরের বর্জ্য সংগ্রহ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ। এর ফলে প্রতিটি ওয়ার্ডে আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুমার রায়ের কথায়, ‘‘আমাদের বাড়ি এখন ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। আবর্জনা কবে পরিষ্কার হবে, তার কোনো সদুত্তর পৌর কর্তৃপক্ষের কাছে নেই।’’ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাপাই রায়ের অভিযোগ, ‘‘রাস্তায় পড়ে থাকা আবর্জনা কুকুর টেনে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। নোংরার দাপটে মানুষের হাঁটাচলা দায় হয়ে পড়েছে।’’

 


শহরের রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার অবস্থাও শোচনীয়। সামান্য বৃষ্টিতেই ৪ ও ১০ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। অথচ নিকাশি নালা পরিষ্কারে নেই কোনো উদ্যোগ। অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের তীব্র সংকটের পাশাপাশি বিকল হয়ে পড়ে রয়েছে বহু পথবাতি।
​পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০টি উন্নয়নমূলক কাজ শুরু হওয়ার পর মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। বাকি ৪৫টি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও ঠিকাদাররা কাজ শুরু করতে নারাজ। তহবিলে দেড় কোটি টাকা জমা থাকলেও সরকারি নিষেধাজ্ঞার দোহাই দিয়ে উন্নয়ন স্তব্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ।
এই পরিস্থিতির তীব্র নিন্দা করেছেন সিপিআই(এম) ময়নাগুড়ি মধ্য পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক অপূর্ব রায়। তিনি বলেন, ‘‘শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ও চরম অযোগ্যতার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। উন্নয়নের নামে শুধু ভাঁওতা দিচ্ছে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড। দুর্নীতি ও গাফিলতির কারণে শহরবাসীর ন্যূনতম পরিষেবা পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অনতিবিলম্বে বর্জ্য অপসারণ ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে না পারলে বামপন্থী দলগুলো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।’’
অভিযোগের প্রেক্ষিতে বরাবরের মতোই চেয়ারম্যান মনোজ রায়ের দাবি, ‘‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করার চেষ্টা চলছে। বিভিন্ন কাজের অনুমতি ও অর্থ শীঘ্রই মিলবে বলে আশা করছি।’’ তবে এই আশ্বাসে কাজ হবে কি না, তা নিয়ে সন্দিহান ময়নাগুড়িবাসী।

Comments :0

Login to leave a comment