প্রতিরক্ষা ক্ষেত্রেও বিপুল বরাত আদানি গোষ্ঠীর। ২৫০০ কোটি টাকা খরচে করে মধ্য প্রদেশে শিবপুরী জেলায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র তৈরি করছে আদানি গ্রুপের সহযোগী সংস্থা 'আদানি ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস'। দাবি, এই প্রকল্পে আদানি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র বানাবে।
রবিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
আদানি গোষ্ঠীর আধিকারিকরা জানিয়েছেন, এই কারখানাটিতে একটি মিসাইল কমপ্লেক্স, একটি কম্পোজিট প্রোপেল্যান্ট কমপ্লেক্স এবং একটি টিএনটি কমপ্লেক্স থাকবে। এর লক্ষ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে সহায়তা করা। দাবি, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগ সৃষ্টি হবে।
আদানিকে সমুদ্র বন্দর থেকে বিমান বন্দর, ভোজ্য তেল থেকে এক্সপ্রেসওয়ে নির্মাণ, সব কিছুতেই বরাত দিয়ে থাকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ব্রাহ্মোস‘ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে।
সরকারি স্তরে দাবি, শিবপুরী এবং সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের অংশ হয়ে ওঠার সুযোগ করে দেবে এই প্রকল্প।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আদানি গ্রুপের করণ আদানি ও জিত আদানিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদানি এয়ারপোর্টের ডিরেক্টর জিত আদানি বলেন, "প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ে আমরা ভারতীয়করণের বিষয়টিকে উৎসাহিত করছি। এই খাতে আমদানির ওপর ভারতের নির্ভরতা সুশৃঙ্খলভাবে কমিয়ে আনার লক্ষ্যে আমরা ডিআরডিও এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। মধ্য প্রদেশের গোয়ালিয়রে প্রথমবার বড় মাপের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের শুরু করেছি। বর্তমানে সেখানেই লাইট মেশিন গান, অ্যাসল্ট রাইফেল এবং কার্বাইনের সম্পূর্ণ সম্ভার তৈরি হচ্ছে।"
তাঁর দাবি, 'লাইট মেশিন গান' নির্ধারিত সময়ের ১১ মাস আগেই সেনাবাহিনীর কাছে ২ হাজার ইউনিট দেওয়া হয়েছে। এই প্রকল্পে মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ইকোসিস্টেম গড়ে তোলা হবে।
বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা বাড়ানোর ঘোষণা করা হলেও বাস্তবে ভারত বিপুল অঙ্কের সামরিক সরঞ্জাম বিদেশ থেকেই আমদানি করছে।
Adani Missile
আত্মনির্ভরতার ঘোষণায় এবার ক্ষেপণাস্ত্র প্রকল্প আদানিকে
রাষ্ট্রায়ত্ত ডিআরডিও এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস‘
×
Comments :0