মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানোর প্রক্রিয়া শুরু করার জন্য ফের রাজ্যসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিরোধীরা। শুক্রবার ৭৩ সাংসদের সই করা চিঠি জমা পড়েছে রাজ্যসভায়।
কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই প্রসঙ্গে বলেছেন, জ্ঞানেশ কুমারের মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্বে থাকা ঘিরে ৯টি নির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে। তাঁর দুর্ব্যবহার জনিত অভিযোগেরও উল্লেখ করা হয়েছে চিঠিতে।’’
বিরোধীরা চিঠিতে বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে জ্ঞানেশ কুমারকে রেখে দেওয়া অর্থ সংবিধানের অবমাননা করা।’’
এর আগে ১৮টি বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা জ্ঞানেশ কুমারের অপসারণ প্রক্রিয়া শুরুর জন্য এপ্রিলের গোড়ায় সংসদের দুই কক্ষেই প্রস্তাব আনেন বিরোধীরা। রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদে আলোচনার সুযোগ না দিয়েই প্রস্তাব খারিজ করে দেন।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি আসীন হওয়ার কিছু পর থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জোরালো হয়। এসআইআর’র ক্ষেত্রে বিহার এবং তার পরের পর্বে পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে কমিশনের অস্বচ্ছতা সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে।
Gyanesh Kumar
জ্ঞানেশ কুমারকে সরাতে ফের রাজ্যসভায় নোটিশ বিরোধীদের
×
Comments :0