ভোটে অংশগ্রহণের নিরিখে সবচেয়ে এগিয়ে পুদুচেরি। সন্ধ্যা ৬টা পর্যন্ত পুদুচেরিতে ভোটদানের হার ৮৬.৯২ শতাংশ। আসামে ভোটদানের হার ৮৪.৪২ শতাংশ, কেরালায় ৭৮ শতাংশ। এসআইআর প্রক্রিয়ার পর প্রথম বিধানসভার ভোটগ্রহণ হলো এদিনই। আসামে যদিও এসআইআর হয়নি।
এদিন উপনির্বাচন হয়েছে কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়। নাগাল্যান্ডের কোরিডাঙ, কর্ণাটকের বাগলকোট এবং দেবনগরী দক্ষিণ, ত্রিপুরার ধর্মনগরে উপনির্বাচন হয়েছে।
কেরালা বিধানসভায় মোট আসন ১৪০। কেরালায় গত দশ বছর সরকারে আসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট। পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এই এল ডি এফ এর বিরুদ্ধে রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।
কেরালায় ভোটারের সংখ্যা ২ কোটি ৭১ লক্ষের বেশি। তার মধ্যে ১ কোটি ৩৮ লক্ষের বেশি মহিলা ভোটার। নতুন ভোটার, ১৮ থেকে ১৯ বছর বয়সের মধ্যে, ৪.২৪ লক্ষ। থার্ড জেন্ডার হিসেবে নথিভুক্ত ২৭৭ জন। এসআইআর প্রক্রিয়ার আগে রাজ্যে মোট নথিভুক্ত ভোটদাতার সংখ্যা ছিল ২.৭৪ কোটির বেশি।
আসামে নথিভুক্ত ভোটদাতা আড়াই কোটির বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে ওয়েব কাস্টিং হবে ৩১৪৯০ বুথের প্রত্যেকটিতে। আসাম বিধানসভার মোট আসন ১২৬।
পুদুচেরিতে বিধানসভার মোট আসন ৩০। এখানে কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে ডিএমকে। প্রতিদ্বন্দ্বিতা বিজেপি জোট এনডিএ’র সঙ্গে।
কেরালার ওয়াইনাড়ে বিয়ের ঠিক আগে এক মহিলার ভোটদান সংবাদমাধ্যমের নজর কেড়েছে। অখিলা অ্যান্টনি নামে ওই মহিলাকে নির্বাচন আধিকারিকরা আগে ভোট দিতে দেন।
Comments :0