রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের ভোট গণনা নিয়ে স্থানীয় মানুষদের মধ্যেই প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে। একই পাড়ার দু’টি বুথের একটিতে সিপিআই(এম) প্রার্থী ২৯৯টি ভোট পেলেও অপর বুথে সিপিআই(এম) প্রার্থী পেয়েছেন মাত্র ১টি ভোট। বুথে সিপিআই(এম)’র পোলিং এজেন্ট এবং তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আমাদের ভোটগুলো গেল কোথায়? কেমন গণনা হয়েছে ভোটের?
রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া মাত্র ৩১৬ ভোটে জয়ী হয়েছেন। এই কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সপ্তর্ষি দেব বলেছেন, ভোট গণনা কেন্দ্রে প্রথম রাউন্ড থেকেই তৃণমূল প্রার্থী এগিয়ে ছিলেন। একসময় তো ১৪হাজার ভোটে এগিয়ে ছিলেন। এরপর কিছুটা কমেছে আবার বেড়েছে। কিন্তু কখনই পিছিয়ে পড়েননি। ১৭রাউন্ড পর্যন্ত তৃণমূল প্রার্থী ৩২০ ভোটে এগিয়ে ছিলেন। গত ৪মে রাত ১১টা নাগাদ আমি বেরিয়ে আসার সময় আমাকে জানানোই হয়নি যে পরের দিন গণনা হবে। পরের দিন অর্থাৎ ৫মে সকালে বিডিও ফোন করে জানান, পুনরায় গণনা চলছে। আমি তখনই তড়িঘড়ি গণনা কেন্দ্রে পৌঁছে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। দেরির কারণে ঢুকতেই দেওয়া হয়নি। পরে শুনলাম ১৮রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী ৩১৬ভোটে জিতেছেন। তখন গণনা কেন্দ্র বলতে গেলে ফাঁকাই ছিল। সেই দিন থেকে ফরম ২০ চেয়েছিলাম। কিন্তু আমাকে দেওয়া হয়নি। পরে দিচ্ছি বলে কাটিয়ে দিয়েছে।
গণনা কেন্দ্রের ভিতর কেমন ভোট গণনা হয়েছে তা নিয়ে আরও বেশি প্রশ্ন দেখা দিয়েছে ১৬৪ এবং ১৬৫ নম্বর বুথের ফলাফলে। দু’টি বুথের ভোটকেন্দ্র এক জায়গাতেই ছিল, দু’টি পাশাপাশি ঘরে ভোট দিয়েছেন একই পাড়ার একই ধরনের বাসিন্দাদের দু’টি অংশ। লক্ষ্যণীয়, এখানে সিপিআই(এম)’র জনসমর্থন এতটাই যে সিপিআই(এম)’র নির্বাচিত পঞ্চায়েত সদস্যও রয়েছেন। ১৬৫ নম্বর বুথে সিপিআই(এম) প্রার্থী সপ্তর্ষি দেব পেয়েছেন ২৯৯টি ভোট, তৃণমূলের তাপস চ্যাটার্জি পেয়েছেন ২৯টি, কংগ্রেস ৩টি এবং বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া পেয়েছেন মাত্র ৩২টি ভোট। অথচ ১৬৪ নম্বর বুথে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া পেয়েছেন ৬৩৭টি ভোট, সপ্তর্ষি দেব পেয়েছেন মাত্র ১টি ভোট, তাপস চ্যাটার্জি ৫টি এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৭টি ভোট। সিপিআই(এম) কর্মী সমর্থকদের প্রশ্ন, এটা কীভাবে সম্ভব? একই পাড়ার মধ্যে, যেখানে দু’টি বুথে একই পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজনরাও ছড়িয়ে রয়েছেন সেখানে এমন বিপরীত ধর্মীয় ফলাফলের কোন রহস্যজনক কারণ থাকতে পারে? সিপিআই(এম) প্রার্থীর পোলিং এজেন্ট এবং পঞ্চায়েত সদস্য প্রশ্ন তুলেছেন, কেউ যদি ভোট না দিয়েও থাকে, তাহলেও আমি সহ আমার পরিবারের ৮টি ভোট কোথায় গেল? ইভিএমে ভোট দেওয়ার পরেও সেগুলিও সিপিআই(এম) প্রার্থী পাননি?
Rajarhat Vote Counting
এক বুথে ২৯৯, পাশের বুথে মাত্র ১, রাজারহাটে ভোটগণনা নিয়ে প্রশ্ন
×
Comments :0