Sayani Das

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্য বাধা সায়নীর

খেলা

সায়নী দাসের সপ্তসিন্ধু জয়ের স্বপ্ন আটকে দিল খারাপ আবহাওয়া। সপ্তসিন্ধু জয়ের স্বপ্ন নিয়ে শুক্রবার রাতেই জাপানের সুগারু চ্যানেলের জলে নামেন কালনার সায়নী দাস। এই চ্যানেলের জলে নেমে ১৫ কিমি যাওয়ার পর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হওয়ায় তাকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। তার সঙ্গে থাকা বাবা রাধেশ্যাম দাস জানান সায়নী এখন সুস্থ আছেন।
এই চ্যানেল জয় করতে পারলেই সায়নী প্রথম ভারতীয় মহিলা হিসেবে সপ্তসিন্ধু পার করার নজির গড়ার কারিগর হয়ে উঠতেন। তিনি ইতিমধ্যেই সপ্তসিন্ধুর ৬টি চ্যানেল ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই চ্যানেল, কুক প্রনালী, নর্থ চ্যানেল ও জিব্রাল্টার চ্যানেল পার করে ফেলেছেন। সপ্তসিন্ধুর শেষ চ্যানেল জাপানের সুগারু চ্যানেল পার করতে নেমে আবহাওয়া অনুকূল না থাকায় তিনি ব্যর্থ হন। তিনি জাপানের সুগারু চ্যানেলের জলে নামেন ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১২ টা ৪১ মিনিটে (জাপানের সময় অনুসারে শনিবার ভোর চারটে ১১ মিনিট)। তিনি জাপানের হনসুর কোদোমারি পোর্ট থেকে সাঁতার শুরু করেন। ১৫ কিমি অতিক্রম করার পর তিনি দুর্যোগের মধ্যে পড়ে যান। ফলে সাঁতার বন্ধ করে দিতে বাধ্য হন। এই চ্যানেলের সোজাসুজি দূরত্ব ১৯.৫ কিলোমিটার। সায়নীর বাবা রাধেশ্যাম দাস জাপান থেকে একটি বার্তা পাঠিয়েছেন সংবাদ মাধ্যমকে। তিনি জানিয়েছেন সায়নী সুস্থ এবং নিরাপদে রয়েছেন। খারাপ আবহাওয়ায় সায়ানি তাঁর ইচ্ছার বিরুদ্ধে সাঁতার বন্ধ করতে বাধ্য হয়েছিল। এটি হতাশা এবং মানসিক যন্ত্রণা। কারণ এই ধরনের প্রতিটি প্রচেষ্টার পিছনে রয়েছে একজন ক্রীড়াবিদদের স্বপ্ন৷  আজকের যন্ত্রণা মিটতে সময় লাগতে পারে, কিন্তু সায়ানির ভেতরের চেতনা আমি জানি। তার সংকল্প তার সামনে দাঁড়িয়ে থাকা তরঙ্গের চেয়েও শক্তিশালী। এবারের জন্য সুগারু চ্যানেলে সাঁতার কাটার সমস্ত নির্ধারিত স্লট ইতিমধ্যেই পূর্ণ হয়ে যাওয়ায় এবছর আর জলে নামার সুযোগ নেই।
 

Comments :0

Login to leave a comment