Sayani Das

সপ্তম চ্যানেল পার করতে জাপানের পথে সায়নী

খেলা

ছয়টি চ্যানেল পার করা সাঁতারু সায়নী দাস।

আলেক শেখ: কালনা

একে একে ছয়টি চ্যানেল পার করার পর সপ্তসিন্ধুর শেষ চ্যানেল জাপানের সুগারু জয় করার দোরগোড়ায় দাঁড়িয়ে কালনার জলকন্যা সায়নী দাস। 
আজ, রবিবার রাতে মা বাবা এবং কোচের সঙ্গে সায়নী উড়ে যাবেন জাপানে। সেখানে পৌঁছানোর পর শুরু হবে চূড়ান্ত পর্যায়ের অনুশীলন। প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী জুলাইয়ের ৩ থেকে ৭ তারিখের মধ্যে সুগারু চ্যানেল পার করতে জলে নামবেন সায়নী দাস। এই চ্যানেলটি পার করতে পারলেই তার সপ্তসিন্ধু জয় করার স্বপ্ন পূরণ হবে। 
জাপানের হনসু ও হোক্কাইডো দ্বীপের মাঝখান দিয়ে যাওয়া প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা সুগারু চ্যানেল পার হওয়া যে কঠিন পরীক্ষা তা মেনে নিচ্ছেন সায়নী। তিনি বলছেন, ‘‘ভূমিকম্প এবং সুনামি নিয়ে একটা চিন্তা ছিল।’’ ভেনেজুয়েলার সাম্প্রতিক ভূমিকম্প সেই চিন্তা বাড়িয়েছে। এ ছাড়া জলে তিমি, টুনা মাছ, জেলিফিসের সমস্যা তো আছেই। সুগারু প্রণালীর তীব্র জলস্রোতও চিন্তার। আশা করছি, সকলের আশীর্বাদে সব সমস্যা কাটিয়ে চ্যানেল জয় করতে সক্ষম হবো। তিনি ইতিমধ্যেই পার করেছেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই চ্যানেল, কুক প্রণালী, নর্থ চ্যানেল, জিব্রাল্টার প্রণালী। 
তবে ইংলিশ চ্যানেল পার করার পথ সুগম ছিল না। এই সময় আর্থিক অনটনে তার বাবা রাধেশ্যাম দাসকে বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। তবে পরপর চ্যানেল জয়ে সাফল্য পাওয়ার পর আর আর্থিক সমস্যায় পড়তে হয়নি। সুগারু চ্যানেল জয় করতেও পাশে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও এসকে ফাউন্ডেশন। ফেসবুকে ক্রাউড ফান্ডিং করেও বেশ কিছুটা টাকা উঠেছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment