উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা—হিন্দি বলয়ের অধিকাংশ রাজ্যেই বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী রয়েছেন, একমাত্র ব্যতিক্রম ছিল বিহার। কিন্তু চলতি সপ্তাহেই সেই চিত্র বদলে যেতে পারে।
মঙ্গলবারই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার। রাজনৈতিক মহলের জল্পনা, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপিরই কেউ।
এই শীর্ষ পদের জন্য সম্ভাব্য দাবিদারদের মধ্যে সবার আগে উঠে আসছে নীতীশের বর্তমান ডেপুটি সম্রাট চৌধুরীর নাম। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ পাটনার দলীয় কার্যালয়ে বিহার বিজেপির বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। সেখানেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে।
বিজেপি বিধায়কদের এই বৈঠকের পর বিকেল ৪টে নাগাদ বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএ বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নতুন নামের ওপর আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেওয়া হবে। উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় জেডিইউ-এর ৮৫ জন বিধায়ক রয়েছেন, যা বিজেপির সংখ্যার চেয়ে মাত্র চার কম।
সূত্রের খবর, খোদ নীতীশ কুমার নিজেই সম্রাট চৌধুরীর নাম সুপারিশ করেছেন, যার ফলে তার নাম সবচেয়ে বেশি জোরালো হয়ে উঠেছে।
এছাড়া কুশওয়াহা সম্প্রদায়ের নিশা সিং নামও জল্পনায় রয়েছে। মহিলা মুখকে সামনে এনে বিজেপি চমকও দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমান মন্ত্রী প্রমোদ চন্দ্রবংশী এই দৌড়ে অন্যতম নাম। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র হাত ধরে তিনি বিজেপিতে আসেন। বর্তমানে তিনি সমবায় এবং বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন।
সঞ্জীব চৌরাসিয়া, দীঘার এই বিধায়ক টানা তিনবার নির্বাচনে জয়ী হয়েছেন। তার বাবা গঙ্গা প্রসাদ চৌরাসিয়া রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন এবং তাদের পরিবারের সঙ্গে সংঘের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার নামও রয়েছে তালিকায়।
তবে আগামী ১৫ এপ্রিল নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
Bihar
বিহারে রাজনৈতিক পালাবদল, আজই ইস্তফা নীতীশের, এই প্রথমবার মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিজেপি
×
Comments :0