Birbhum

শিক্ষক ও বিজেপি নেতার গাঁটসাটে চাল চুরি, স্কুল ও নেতার ঘর ঘেরাও গ্রামবাসীদের

রাজ্য জেলা

তৃণমূল ঘনিষ্ঠ স্কুলের প্রধান শিক্ষকের সাথে গ্রামের বিজেপি নেতার যোগসাজছে দিনের পর দিন মিড ডে মিলের চাল চুরির অভিযোগ। বিডিওকে এনিয়ে অভিযোগ করায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে হুমকি ফোন বিজেপির নেতার। ক্ষোভ গ্রামে। এদিন  স্কুল ঘেরাও বিক্ষোভ এবং  বিজেপি নেতার বাড়ি চড়াও হয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। বীরভূমের বক্রেশর উষ্ণ প্রস্রবনের নিকট মেটেলা হাই স্কুলের ঘটনা। দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
মেটেলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল রান্নার দায়িত্বে রয়েছে মোট ১২টি স্বনির্ভর গোষ্ঠী। নিয়ম অনুযায়ী এক মাস অন্তর পালা করে রান্নার কাজ করেন তারা। কিন্তু সেই ব্যবস্থাকেই ঘিরে উঠেছে দুর্নীতির অভিযোগ।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি, মিড-ডে মিল পরিচালনায় একাধিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ তারা দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছেও জমা দিয়েছেন। অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে আনতেই শুরু হয়েছে হুমকি। স্থানীয় এক নেতা রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিত মন্ডল, আগে তৃণমূল করতেন, বর্তমানে বিজেপির নেতা। তার বাড়িতেও চড়াও হয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। তিনিই ফোনে হুমকি দেন বলে অভিযোগ। একদিকে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে হুমকির অভিযোগ— এই দুইয়ের জেরেই প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভ উগরে দেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাদের অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন প্রধান শিক্ষকই।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তার দাবি, কোনও বিক্ষোভ নয়, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মাত্র। কিছু সমস্যা তৈরি হয়েছে ঠিকই, তবে আগামী ২৪ তারিখে সকল পক্ষকে নিয়ে বৈঠকে বসে সেই সমস্যার সমাধান করা হবে বলেই জানিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment