SFI College Strret Biman Basu

দিনভর হুজ্জুতি রুখে কলেজ স্ট্রিটে বুক স্টল এসএফআই’র, চলল ‘বই গাড়ি’-ও

রাজ্য কলকাতা

কলেজ স্ট্রিটে এসএফআই’র বুক স্টলে বিমান বসু, সুজন চক্রবর্তী।

প্রশাসনিক বাধা বা এবিভিপি’র হুজ্জুতি, কোনও কিছুতেই আটকে রাখা গেল না ছাত্রদের। কলেজ স্ট্রিটে বুক স্টল চালিয়েছে এসএফআই। ধর্মতলায় হয়েছে ভ্রাম্যমান বুক স্টল ‘বই গাড়ি’। রাজ্যের অন্য এলাকাতেও হয়েছে ভ্রাম্যমান বুক স্টল। 
ছাত্রদের এই প্রতিরোধী মেজাজকে অভিনন্দন জানান এসএফআই’র প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু। তিনি কলেজ স্ট্রিটে বুক স্টলে যান। সঙ্গে ছিলেন এসএফআই’র প্রাক্তন সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী, প্রাক্তন রাজ্য সভাপতি মধুজা সেনরায়ও। 


বিমান বসু বলেন, বইয়ের ওপর আক্রমণ হওয়া উচিত নয়। বই বিক্রি কোনও অন্যায় কাজ নয়, ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। বই কেনা, বই বিক্রি কোনও অপরাধ নয়।   
বামফ্রন্টের সভাপতি প্রবীণ এই সিপিআই(এম) নেতাকেও ছাড়েনি এবিভিপি। পুলিশের বেষ্টনী সত্ত্বেও তাঁকে লক্ষ্য করে কটূক্তি চলতে থাকে।  বুধবার, ১৮ নভেম্বর, সকাল থেকেই শুরু করে সন্ধ্যার পরও প্ররোচনা চালিয়ে যাচ্ছে আরএসএস-বিজেপি’র অনুগামী ছাত্র সংগঠন এবিভিপি। 
সংবাদমাধ্যমে বিমান বসু বলেন, বইয়ের স্টল বাধা সত্ত্বেও চালিয়েছেন ছাত্ররা। তাঁদের অভিনন্দন জানাতে এসেছি, সংহতি জানাতে এসেছি। 
এসএফআই নেতৃবৃন্দ বলেছেন, কলেজ স্ট্রিটে গত চার বছর ধরে এই বুক স্টল চলছে। এমন পরিস্থিতি হয়নি। এদিন শুরুর আগে পুলিশ জানায় যে বইয়ের স্টল করা যাবে না। রাস্তায় বসে বই বিক্রি করা হয়। 
গতকাল, মঙ্গলবার, বই বিক্রির অপরাধে ছাত্রদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানেও বই হাতে বিক্ষোভ হয়। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-কেও আটক করা হয়। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। 
বুধবার সকালেই এবিভিপি পৌঁছে একই জায়গায় তারা বুক স্টল করবে বলে। লক্ষ্য ছিল এসএফআই-কে বাধা দেওয়া, উত্তেজনা তৈরি করা। 


কলেজ স্ট্রিটে প্রশাসনিক বাধা, হুজ্জুতির প্রতিবাদে এসএফআই রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্রসংগ্রাম’-র আহ্বানেই হয় ভ্রাম্যমান বুক স্টল ‘বই গাড়ি’। 
কলকাতার বাইরে হাওড়া ময়দান, বীরভূমের সিউড়ি, রামপুরহাট এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সামনেও এমন ‘বই গাড়ি’ হয়। উত্তর ২৪ পরগনার খড়দহেও হয় এই কর্মসূচি। এসএফআই নেতৃবৃন্দ জানান যে কাল, বৃহস্পতিবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি হবে। 
ছাত্রসংগ্রাম-র সম্পাদক সৌভিক দাসবক্সি বলেছেন, আমরা দেখেছি শারদোৎসবের সময় থেকে বুক স্টলে হামলা হচ্ছে। কলেজ স্ট্রিটে যে ছাত্ররা বই বিক্রি করতে গেল, তাঁদের গ্রেপ্তার করা হলো। এসএফআই বলেছে, কলেজ স্ট্রিটে এক জায়গায় আক্রমণ করে বইয়ের প্রচার আটকানো যাবে না। রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে এসএফআই বই আদান প্রদান করবে। সৌভিক বলেন, ওরা একটা বুক স্টল ভাঙবে, রাজ্যের বিভিন্ন জায়গায় কলেজ স্ট্রিট হবে।
এদিন ধর্মতলায় ভ্রাম্যমান বই-গাড়ি পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, কলকাতা হাইকোর্টের সামনে গিয়েও বই বিক্রি করেছে।

Comments :0

Login to leave a comment