মার্কিন ও ইজরায়েলি হামলায় আলি খামেনির মৃত্যুর পর, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পাওয়া মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোমায় চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। ‘দ্য টাইমস’-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ৫৬ বছর বয়সী এই শীর্ষ ধর্মীয় নেতা বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
এই প্রথমবার ইরানের সুপ্রিম লিডারের বর্তমান অবস্থানের কথা প্রকাশ্যে এল। রাজধানী তেহরান থেকে প্রায় ৮৭ মাইল (১৪০ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত কোম শহরটি শিয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র এবং একে ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। সেখানেই রয়েছে মোজতবা।
মার্কিন এবং ইজরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপসাগরীয় মিত্রদের কাছে পাঠানো একটি কূটনৈতিক নথিতে বলা হয়েছে, ‘মোজতবা খামেনির অবস্থা অত্যন্ত গুরুতর এবং তিনি কোমে চিকিৎসাধীন। তিনি বর্তমানে প্রশাসনের কোন সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাতেই নেই।’ ইরানের সর্বচ্চ নেতার এই গোপন অবস্থানের কথা মার্কিন ও ইজরায়েলি গুপ্তচর সংস্থাগুলো আগে থেকেই জানলেও, তা এতদিন প্রকাশ্যে আনা হয়নি।
প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত প্রাক্তন শীর্ষ নেতা আলি খামেনির মৃতদেহ শিয়াদের আধ্যাত্মিক শহর কোমে সমাহিত করার প্রস্তুতি চলছে। মার্কিন ও ইসরায়েলি গুপ্তচর সংস্থাগুলোর কাছে খবর রয়েছে যে, কোমে একের বেশি কবরের জন্য একটি বিশালাকার সমাধি বা মাজার নির্মাণের কাজ শুরু হয়েছে। দ্য টাইমসের দাবি, এই প্রস্তুতি থেকে আশঙ্কা করা হচ্ছে যে মোজতবা খামেনির শারীরিক অবস্থা হয়তো এতটাই আশঙ্কাজনক যে, তাকেও একই সমাধিতে সমাহিত করার প্রয়োজন হতে পারে।
এই বিষয়ে ওয়াশিংটন বা তেহরান এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে মধ্যপ্রাচ্যে গত পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের প্রথম দিনেই যে ভয়াবহ হামলায় আলি খামেনি, তার স্ত্রী, পুত্রবধূ জহরা হাদ্দাদ-আদেল এবং এক নাতি নিহত হন, সেই একই হামলায় মোজতবা খামেনিও যে আহত হয়েছিলেন, তা ইরান আগেই নিশ্চিত করেছিল।
গত মার্চ মাসের শুরুতে বাবার উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে নতুন সুপ্রিম লিডারকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে একাধিক বিবৃতি পাঠ করা হলেও, তার কণ্ঠস্বরের কোন রেকর্ডিং প্রকাশ করা হয়নি। এর ফলে তার গুরুতর অসুস্থতা নিয়ে ছড়ানো জল্পনা আরও জোরালো হয়েছে।
এই বিতর্কের মাঝেই গত সোমবার তেহরান একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখানো হয়, মোজতবা খামেনি একটি ওয়ার রুমে হেঁটে ঢুকছেন এবং ইজরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রের মানচিত্র বিশ্লেষণ করছেন।
ইরানের সরকারি আধিকারিকরা ক্রমাগত দাবি করে আসছেন যে নতুন সুপ্রিম লিডার দেশের সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন। তবে পূর্বের একাধিক মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তিনি কোমায় আচ্ছন্ন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, কিছু অসমর্থিত সূত্রের মতে ওই হামলায় তার পা ভেঙেছে এবং মুখে গুরুতর চোট লেগেছে।
Mojtaba Khamenei
মার্কিন-ইজরায়েলি হামলায় গুরুতর আহত ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, কোমায় আচ্ছন্ন হয়ে চিকিৎসাধীন
×
Comments :0