মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, নাসিকের দিন্দোরি এলাকায় একটি গাড়ি কুয়ায় পড়ে গেলে নয়জন নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, নিহত সকলেই একই পরিবারের সদস্য। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিন্দোরি শহরের শিবাজী নগর এলাকায়। জানা গেছে একটি মারুতি এক্সএল৬ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কুয়ায় পড়ে যায়। গাড়িতে থাকা নয়জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত নয়জনই একই পরিবারের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের পরিচয়। তারা হলেন সুনীল দত্তু দারগুডে(৩২), তার স্ত্রী রেশমা, আশা অনিল দারগুডে(৩২) এবং পরিবারের ছয় সন্তান। সাত থেকে চৌদ্দ বছর বয়সী পাঁচ মেয়ে ও এগারো বছর বয়সী এক ছেলে।
পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে
পরিবারটি একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশের একটি গভীর কুয়ায় পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন। অন্ধকার উদ্ধার অভিযানে বড় ধরনের বাধার সৃষ্টি করে। কিন্তু দুটি ক্রেন এবং দক্ষ সাঁতারুদের সাহায্যে অবশেষে রাত ১২টার দিকে গাড়িটি জল থেকে তোলা হয়। তবে, গাড়ির যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দিন্দোরি পুলিশ ঘটনাটি নিয়ে একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে গাড়ির নিয়ন্ত্রণ হারানোকেই প্রধান কারণ হিসেবে ইঙ্গিত করা হয়েছে। তবে পুলিশ রাস্তার অবস্থা, গাড়ির গতি এবং অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে। প্রশাসন জানিয়েছে যে তদন্ত শেষ হওয়ার পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।
Nasik Accident
কুয়োয় গাড়ি পড়ে নাসিকে ৬ শিশু সহ নিহত ৯
×
Comments :0