Editorial

চতুর্বর্ণীয় ডাবল ইঞ্জিন

সম্পাদকীয় বিভাগ

এতকাল বাংলার মানুষ শুনে এসেছে বিজে‍‌পি একটি আদর্শবাদী রেজিমেন্টেড বা ক্যাডারভিত্তিক দল। দলের অভ্যন্তরে শৃঙ্খলাই নাকি তাদের আসল শক্তি। রাজ্যে বিপুল জনসমর্থন নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূল থেকে আনা নেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী‍‌ করে সরকার গঠন করেছে সেই সরকার ইতিমধ্যে ছ’মাস কাটিয়েও দিয়েছে। গেরুয়া হুঙ্কার, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ, ঘৃণা, গেরুয়া দুষ্কৃতীদের তাণ্ডব বাদ দিলে বোঝাই যাচ্ছে না আদৌ তৃণমূল সরকার বদলেছে কি না। এলাকায় এলাকায় দাদাগিরি, তোলাবাজি যথারীতি চলছে। শাসকের ছত্রছায়ায় ধমক চমক সহ মস্তানি একটুও কমেনি। অভিযোগের তির নেতা, বিধায়ক, সাংসদ, এমনকি মন্ত্রীদের বিরুদ্ধে। তার চেয়েও বড় কথা অভিযোগ যত না আসছে সাধারণ মানুষের কাছ থেকে তার থেকে বেশি আসছে দলের ভেতর থেকেই। দলের ভেতর নিজেদের মধ্যে বিরোধ-দ্বন্দ্ব ক্রমশ লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। অভিযোগের তালিকায় মস্তানি, দাদাগিরি, হেনস্তা, আক্রমণ, মারধর, তোলাবাজি, ভাঁওতা দিয়ে টাকা আত্মসাৎ এমনকি নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ খুনও আছে। অর্থাৎ ছ’মাসের মধ্যেই এ রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার অভব্যতা ও কদর্যতার সর্বালঙ্কারে ভূষিত হয়ে গেছে।
অত্যন্ত মজার ও হাস্যকর বিষয় হলো যখনই এমন অভিযোগ সামনে আসে দলের রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতা চোখ বুঝে রেকর্ড করা ভাষ্য শুনিয়ে দেন এসব তৎকাল বিজেপি অর্থাৎ ৪মে’র পর যারা বিজেপি হয়েছে অথবা স্বঘোষিত বিজেপি’র কাজ। তাহলে বিজেপি নেতারা এটা স্বীকার করে নিচ্ছেন তাদের ওয়াশিং মেশিন ত্রুটিপূর্ণ, ঠিকঠাক সাফাই হয় না। এটাও স্বীকার করে নিচ্ছেন ৪মে’র পর আসা অর্থাৎ তৎকাল বিজেপি’দের অবৈধ ও দুষ্কৃতীমূলক কাজে ছাড় আছে। রাজ্য বিজেপি’তে নেতাদের ভাষ্য অনুযায়ী চার শ্রেণির নেতা-কর্মী আছে। (১) আদি বিজেপি, এরা সংখ্যায় কম, সংখ্যালঘু। (২) অনেক আগে থেকে বিশেষ করে ৪মে’র আগে প্রধানত তৃণমূল থেকে আসা। (৩) ৪ মে’র পর চট জলদি আসা তৎকাল বিজেপি। (৪) স্বঘোষিত বিজেপি। একটি আদর্শবাদী রেজিমেন্টেড দলের এমন চতুর্বর্ণের সমন্বয় কীভাবে হয় সেটা স্পষ্ট নয়। তবে ক্ষমতা দখলের সীমাহীন লালসা এবং ক্ষমতা ধরে রাখার বেপরোয়া বাসনা তাদের বাধ্য করেছে বিজেপি’র দরজা চোর, জোচ্চোর, ধান্ধাবাজ সকলের জন্য অবারিত রাখতে। তাই দলের মধ্যে নেতা-মন্ত্রীদের বহুমুখী স্বার্থের দ্বন্দ্বে এবং আখের গোছানোর প্রতিযোগিতা সামাল দেওয়া রাজ্য নেতাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বস্তুত নেতাদের কেউ পাত্তাই দিচ্ছে না। রাজ্য সভাপতি তো কার্যত সঙে পরিণত হয়েছেন।
নিঃসন্দেহে প্রাক্তন তৃণমূলী এবং নব্য বিজেপি মুখ্যমন্ত্রী শভেন্দু সবচেয়ে প্রভাবশালী। তাঁর দাপটে আদি বিজেপি কোণঠাসা। বলার অপেক্ষা রাখে না শুভেন্দুর নেতৃত্বে প্রাক্তন তৃণমূলীরাই বিজেপি’র প্রধান শক্তি। তাদের উপর শমীকের কোনও নিয়ন্ত্রণই নেই। মজার ব্যাপার কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু শুভেন্দুকেই মদত দিচ্ছে। কারণ তৃণমূল ভেঙে ছত্রাখান করার মূল কৃতিত্ব শুভেন্দুরই। বিরোধী তৃণমূলের বৃহৎ অংশকে তিনি পকেটে পুরে বিজেপি’র বি টিম রূপে ভালো তৃণমূলে পরিণত করেছেন। তেমনি তৃণমূল সাংসদদের ভাঙিয়ে বিজেপি’র সি টিম রূপে ভিন্ন দলে যুক্ত করেছেন। এই অবস্থায় মোদী-শাহ’দের কাছে শুভেন্দু নয়নের মণি। আদি বিজেপি এখন সাইড লাইনের বাইরে। তৃণমূলের নতুন সংস্করণ শুভেন্দু বিজেপি’ই এখন শেষ কথা।

Comments :0

Login to leave a comment