প্রিতম ঘোষ
লোধাউরি গ্রামের সুরজিৎ সিং ভুলতে পারেন না দিনটি। বাবা বলদেব সিং, ভাইপো আর ভাইঝির সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ঘরে বাইরে। আচমকা তাঁদেরই আখ খেত থেকে বেরিয়ে চিতাবাঘ ঝাঁপিয়ে পড়েছিল তাঁদের ওপর।
প্রায় আধ ঘন্টা চলেছিল লড়াই। প্রাণে বাঁচলেও ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছিলেন সুরজিৎ। আঙুল ক্ষতবিক্ষত হয়েছিল বলদেবের।
ঘটনা ২০২৪’র মার্চের। কিন্তু এই একটিই নয়। উত্তর প্রদেশে তরাই অঞ্চলে লখিমপুরের মতো জেলার গ্রামে গ্রামে আতঙ্ক। কেবল চিতাবাঘই নয়, আখ খেত থেকে বেরিয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগারও। বাথুয়া, নৌরঙ্গাবাদ, সীমারপুরওয়া, ধরমপুরের মতো গ্রামে গ্রামে ছোট ছেলেমেয়েদের ইস্কুলে পাঠাতেও দুশ্চিন্তার অন্ত নেই বড়দের। ভয় চাষের কাজ করতে যাওয়ারও। বিশেষ করে আখ কাটার সময়।
পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে উত্তরবঙ্গে চিতাবাঘ বা বন্যপ্রাণের আচমকা আনাগোনার। সবচেয়ে বিপদে পড়ছেন জঙ্গল লাগোয়া এলাকার গ্রামবাসীরা।
জঙ্গল ছেড়ে আখের খেতে ঘন সবুজ আখের সারির আড়ালেই এখন আস্তানা গড়ছে বাঘ এবং চিতাবাঘ।
উত্তর প্রদেশের তরাই অঞ্চলে লাখিমপুর জেলায় আখ খেতকে আশ্রয় হিসেবে ব্যবহার করা এই বাঘগুলিকে বলা হচ্ছে 'সুগারকেন টাইগার' বা ‘আখখেতের বাঘ’।
বিশেষজ্ঞদের মতে, তরাই অঞ্চলের বিস্তীর্ণ আখের খেত বাঘের জন্য অনেকটা জঙ্গলের বিকল্প পরিবেশ তৈরি করছে। ঘন ও উঁচু আখের গাছের আড়ালে সহজেই লুকিয়ে থাকা যায়। পাশাপাশি আখখেতের আশপাশে নীলগাই, বুনো শূকরসহ বিভিন্ন প্রাণীর থাকায় খাদ্যেরও অভাব নেই। ফলে জঙ্গল থেকে বেরিয়ে আসা কিছু বাঘ দীর্ঘ সময় ধরে আখ খেতেই থেকে যাচ্ছে।
কিন্তু মারাত্মক সমস্যা কৃষকদের। তরাই অঞ্চলের গ্রামের বাসিন্দাদের। সবচেয়ে ভয় ছোট ছেলেমেয়েদের নিয়ে।
আখের খেতে কাজ করতে যান কৃষক ও কৃষি শ্রমিকরা। অথচ কয়েক হাত দূরেই লুকিয়ে থাকতে পারে পূর্ণবয়স্ক বাঘ। ফলে বাঘের সঙ্গে মানুষের আকস্মিক মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়ছে। আখ কাটার সময় এই বিপদ আরও তীব্র হয়। খেত পরিষ্কার করার আগে বাঘের অবস্থান সম্পর্কে নিশ্চিত না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
২০২৪ সালে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ সংলগ্ন গ্রামগুলিতে আখখেতে বাঘের উপস্থিতি ঘিরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল। বন দপ্তরকে দীর্ঘ সময় ধরে অভিযান চালাতে হয়। তরাইয়ের দুধওয়া সংলগ্ন এলাকাতেও আখের খেতে বাঘের হামলায় কৃষকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, বাঘের এই আচরণকে শুধুমাত্র লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা হিসেবে দেখলে চলবে না। জঙ্গল, কৃষিজমি এবং মানুষের বসতির মধ্যে ক্রমশ তৈরি হওয়া সংযোগের ফল হিসেবেও বিষয়টিকে দেখতে হবে।
বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি কৃষিজমির কাছাকাছি বাঘের চলাচল দেখা জরুরি। দ্রুত সতর্কবার্তা, কৃষকদের সচেতনতা এবং মানুষের নিরাপত্তার ব্যবস্থাও জরুরি। একই সঙ্গে বাঘকে অকারণে হত্যা বা তাড়িয়ে দেওয়ার বদলে সংঘাত কমানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও প্রয়োজন বলে মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।
সুরজিৎ সিংয়ের মতো অনেক কৃষকের খেদ, আহত হলে মেলে না ক্ষতিপূরণ।
আখের সবুজ সমুদ্র তাই এখন শুধু কৃষির জমি নয়। তার আড়ালে তৈরি হচ্ছে বাঘের নতুন জগত। প্রশ্ন একটাই- জঙ্গল ও মানুষের মাঝের এই নতুন সীমান্তে সহাবস্থানের পথ খুঁজে নেওয়া যাবে কি?
Comments :0