Paschim Banga Vigyan Mancha 40 Years

৪০ বছরে বিজ্ঞান মঞ্চ, এন্টালি-ধর্মতলা পদযাত্রা

রাজ্য

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ৪০ বছর পূর্তিতে পদযাত্রা এন্টালি থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত।

পথচলার ৪০ বছর পূর্ণ করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ১৯৮৬ সালের ২৯ নভেম্বর সংগঠনটির সূচনা। বর্ষপূর্তি উপলক্ষে শনিবার এন্টালি থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত পদযাত্রা করেন বিজ্ঞানকর্মীরা। এবারের স্লোগান, ‘বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো’। সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের আহ্বান, ‘ভবিষ্যৎ ভারতে আমরা চাই সুন্দর আগামীকাল’।
আগামী বছরের জানুয়ারিতে জেলায় জেলায় নিবিড় বিজ্ঞান অভিযানের ডাক দিয়েছে সংগঠন। বিজ্ঞানশিক্ষার উপর আক্রমণ প্রতিরোধ, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ লুট বন্ধ, স্বাস্থ্য ও ওষুধ পরিষেবার অধিকার প্রতিষ্ঠা এবং স্বনির্ভরতা, যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতার প্রসারে চলবে প্রচার, মিছিল ও সমাবেশ।
এছাড়াও বছরভর জেলায় জেলায় স্মারক বক্তৃতা, আলোচনা, বিতর্ক, বিজ্ঞান প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বইয়ের স্টল, বিজ্ঞান অভীক্ষা, সমীক্ষাপত্র প্রকাশ ও কর্মশালার আয়োজন করা হবে।
পদযাত্রার সূচনা পর্বে বক্তব্য রাখেন সত্যজিৎ চক্রবর্তী। ধর্মতলায় সমাপ্তি সভায় বক্তব্য দেন বিজ্ঞান মঞ্চের সভাপতি অধ্যাপক সুবিমল সেন ও সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। সভা পরিচালনা করেন কার্যকরী সভাপতি প্রদীপ মহাপাত্র। বক্তারা আগামী দিনের কর্মসূচি তুলে ধরেন।

Comments :0

Login to leave a comment