Post Editorial

ইতিহাসের কাঁটা নড়েছে, সংগ্রাম চলমান

সম্পাদকীয় বিভাগ উত্তর সম্পাদকীয়​

বিজয় প্রসাদ
 

ইউরোপের রাজপথগুলো এখনো উত্তাল, কারণ সেখানকার সাধারণ মানুষ ক্ষুব্ধ যে কীভাবে যুদ্ধ-অর্থনীতি নিজ দেশের জনগণকেই পুরোপুরি উপেক্ষা করছে। আটলান্টিকের ওপারে, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে তীব্র গণজাগরণ এমন নির্বাচনী ফলাফল এনে দিয়েছে যা ইতিহাসের সঠিক দিককেই সমর্থন করে—যদিও এর সম্ভাবনাকে অতিরঞ্জিত করে দেখার সুযোগ নেই। বর্তমানে আমেরিকা ও ইউরোপের মানুষের প্রতিক্রিয়ার মূল কারণ হলো, নিজ দেশে কম বিনিয়োগের ফলে সৃষ্ট শোচনীয় বিকাশের হার। এর ফলে পরিবারগুলো খাবারের পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে, তরুণরা স্বাধীন জীবন শুরু করতে দেরি করছে এবং শ্রমিকদের উপার্জিত মজুরি দিয়ে হরমুজ প্রণালী কেন্দ্রিক মুদ্রাস্ফীতির ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে মুদ্রাস্ফীতির হার কিছুটা কমলেও এবং দাম বৃদ্ধির গতি ধীর হলেও, ইতিমধ্যে বেড়ে যাওয়া দামের বোঝা থেকেই যাবে; মুদ্রাস্ফীতির হার কমা মানেই শ্রমজীবী মানুষের হারানো ক্রয়ক্ষমতা ফিরে আসা নয়। আর ঠিক এই কারণেই মানুষ রাজপথে নামছে এবং ভোটকেন্দ্রে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে। ভারতের কৃষক বিদ্রোহ এবং ‘ককরোচ’ আন্দোলন সহ সমাজের বৃহৎ অংশের প্রতিরোধ আন্দোলনগুলো মূলত ইতিহাসের কাঁটাকে ন্যায়ের দিকে সরিয়ে নেওয়ার এবং কয়েক দশকের প্রতিবিপ্লবী নীতির (যাকে শ্রুতিমধুর ভাষায় ‘নব্য-উদারনীতিবাদ’ বলা হয়) কুৎসিত রূপ থেকে বেরিয়ে আসারই অংশ।
ট্রাম্পের পরাজয়
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষোভ ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) জোটের প্রতি সমর্থন ভেঙে দিতে সাহায্য করেছে। নির্বাচনের আগের দিন ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুল পরিষ্কার করার অনুমতি দিয়েছেন, আর নির্বাচনের পরের দিন তিনি হোয়াইট হাউসে একটি বলরুম তৈরির পরিকল্পনার কথা জানান এবং ওভাল অফিসের সাজসজ্জা রক্ষায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই পরাজয়ের পর ট্রাম্পকে দেখে মনে হতে পারে তিনি যেন প্রচণ্ড প্রতাপশালী ‘মাগা’ নেতার বদলে ‘ইনটেরিয়র ডেকরেটর-ইন-চিফ’-এ পরিণত হয়েছেন। কিন্তু এটি একটি বিভ্রান্তিকর চিত্র। নিজের শক্তি প্রদর্শনের জন্য ট্রাম্প বিদেশে আরও আগ্রাসন চালাতে এবং দেশে নিষ্ঠুরতা দেখাতে সক্ষম। এই মধ্যবর্তী নির্বাচন ‘মাগা’ সমঝোতার দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছে: শ্রমিকদের বলা হচ্ছে সামরিক অভিযানের ব্যয় বহন করতে, আর নিজেদের নিরাপত্তাহীনতাকে ব্যক্তিগত দায় হিসাবে মেনে নিতে। মানুষ এতে আর আগ্রহী নয়, কিন্তু ট্রাম্প তাঁর বিশাল অহংবোধ থেকে জনমতের বিরুদ্ধেই কথা বলে যাবেন, এই বিশ্বাসে যে রিপাবলিকান রাজনীতিবিদদের থেকে মুখ ফিরিয়ে নিলেও ‘মাগা’ সমর্থকরা শেষ পর্যন্ত তাঁকে কখনো ত্যাগ করবে না।
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ তাঁদের অনেকটা কল্পনাহীন নেতৃত্বকে আইন প্রণয়নে বাধা দেওয়া, প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করা এবং ট্রাম্পের প্রকল্পগুলোতে অর্থায়নের বিরোধিতা করার সুযোগ করে দিয়েছে। সিনেটর চার্লস শুমার এবং কংগ্রেসম্যান হাকিম জেফ্রিস অনেকটা মধ্যম সারির সাম্রাজ্যবাদী ব্যবস্থাপকের মতো; তাঁরা স্থিতাবস্থার বিরুদ্ধে যেতে অনিচ্ছুক, তাই সাম্রাজ্যবাদী নীতি চালিয়ে যেতে যেমন আগ্রহী, তেমনি জনগণের দুর্দশার প্রতি সহানুভূতিশীল হওয়ার ভানও করেন। পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রশাসনগুলোই মার্কিন সাম্রাজ্যবাদের কাঠামো তৈরি করতে সাহায্য করেছিল এবং বারবার তা রক্ষা করেছে। ট্রাম্প এখনো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তাই তিনি যদি আবার ইরানে বোমা হামলা করতে চান, তবে ইজরায়েলের প্রতি অনুগত ডেমোক্র্যাট নেতৃত্ব তাতে আপত্তি করবে— এমন সম্ভাবনা খুবই কম। 
মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ এখন ‘ডেমোক্র্যাটিক সোশালিস্টস অব আমেরিকা’ সমর্থিত আটজন প্রতিনিধি রয়েছেন এবং এমন বেশ কয়েকজন আছেন যাঁরা প্যালেস্তাইনিদের বিরুদ্ধে ইজরায়েলি গণহত্যা ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ যুদ্ধের প্রকাশ্যে বিরোধিতা করেছেন। যুদ্ধ, বিতাড়ন এবং সামাজিক সুরক্ষার ওপর আঘাতের বিরুদ্ধে এই নির্বাচনী ধাক্কাকে রাজনৈতিক চাপে পরিণত করতে হলে তাঁদের জনগণের দুর্দশা ও ক্ষোভকে পুঁজি করে শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই ধরনের নিরবচ্ছিন্ন চাপ ছাড়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব সহজেই জনগণের ক্ষোভকে শুষে নিয়ে পুরানো নীতিই চালিয়ে যাবে।
চিরন্তন লুলা
বিশেষ ধরনের আন্তর্জাতিক উগ্র দক্ষিণপন্থার বিরুদ্ধে সবচেয়ে স্পষ্ট প্রতিরক্ষামূলক বিজয় এসেছে ব্রাজিলে। গত ২৫ অক্টোবর, লুলা ৫১.৭৯ শতাংশ বৈধ ভোট পেয়ে ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আর বলসোনারো ব্যক্তিগত বিমানে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পালিয়ে যান। লুলার এই বিজয় প্রেসিডেন্ট পদে বলসোনারো পরিবারের প্রত্যাবর্তন আটকে দিয়েছে এবং মজুরি, ক্ষুধা, সরকারি বিনিয়োগ ও জাতীয় সার্বভৌমত্ব নিয়ে সংগ্রামের জায়গাটিকে টিকিয়ে রেখেছে। আন্তর্জাতিকভাবে, এটি একতরফা জবরদস্তির বিরুদ্ধে এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার পক্ষে ব্রাজিলকে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসাবে ধরে রেখেছে। বলসোনারো জয়ী হলে এই অঞ্চলকে ওয়াশিংটনের অধীনস্ত করার শক্তিগুলো আরও শক্তিশালী হতো।
তবে এই সামান্য ব্যবধানের জয় এবং আইনসভায় উগ্র দক্ষিণপন্থীদের দখল ব্রাজিলের রাজনৈতিক বিভাজনের গভীরতাকেই স্পষ্ট করে। প্রতিক্রিয়াশীল উগ্র দক্ষিণপন্থীদের এখনো বিশাল জনসমর্থন রয়েছে এবং কেবল নির্বাচনী বিজয়—যেমনটি লুলা আগের তিনবারও পেয়েছিলেন—কৃষি-ব্যবসায়ী গোষ্ঠী, রক্ষণশীল প্রতিষ্ঠান, পুঁজিপতি এবং কট্টর গণমাধ্যমের ক্ষমতাকে বিলুপ্ত করতে পারে না। পুরো আমেরিকা মহাদেশজুড়ে উগ্র দক্ষিণপন্থীদের আধিপত্যের মাঝে ব্রাজিল, মেক্সিকো এবং কিউবা যেন এক ভয়াবহ ঝড়ের মধ্যে টিকে থাকা দ্বীপের মতো। তাই লুলার এই নতুন মেয়াদকে কেবল নির্বাচনের ফলাফল দিয়ে বিচার করলে চলবে না, বরং মানুষের জীবনের বস্তুগত উন্নতির নিরিখে দেখতে হবে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে এমন একটি অর্থনৈতিক কর্মসূচি প্রয়োজন যা শ্রমিকদের গণতন্ত্র রক্ষা করার কারণ জোগাবে। গরিব সাধারণ মানুষকে যদি নিজেদের চাহিদা মুলতবি রেখে কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে বলা হয়, তবে দক্ষিণপন্থীরা আবার ফিরে এসে তাদের হতাশাকে কাজে লাগাবে এবং তা বামপন্থীদের বিরুদ্ধে পরিচালিত করবে।
অগ্রসরমান আফ্রিকা
আফ্রিকায়, যেখানে জনসংখ্যার গড় বয়স অনেক কম, সেখানে তরুণদের গণবিক্ষোভ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে: কেনিয়ায় ‘জেন জি’  অভ্যুত্থান (২০২৪, ২০২৫, ২০২৬), নাইজেরিয়ায় ‘#EndBadGovernance’ বিক্ষোভ (২০২৪), উগান্ডায় পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা (২০২৪), নাইজেরিয়ায় ‘#StopGalamseyNow’ (২০২৪), মোজাম্বিকে নির্বাচন-পরবর্তী বিক্ষোভ (২০২৪-২৫), টোগোতে যুব বিক্ষোভ (২০২৫), মরক্কোতে ‘জেন জি ২১২’ (২০২৫) এবং মাদাগাস্কারে ‘জেন জি মাদা’ (২০২৫) এই বিক্ষোভের তরঙ্গকেই প্রকাশ করে। এই অভ্যুত্থানগুলো একইসঙ্গে দুটি বিপরীত প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে—সামান্য কিছু ছাড় এবং কঠোর দমন-পীড়ন, যার মধ্যে নেতাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডও রয়েছে। ২০১১ সালে তিউনিসিয়া ও মিশরের অভ্যুত্থানের ব্যর্থতা তরুণদের মনে গভীর ছাপ ফেলেছে; তাঁরা প্রতিবাদ করছে ঠিকই, কিন্তু পরিবর্তন আদৌ সম্ভব কি না তা নিয়ে চিন্তিত। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য এমন সংগঠনের প্রয়োজন যা বাইরের আর্থিক শৃঙ্খলা (চাপ) এবং অভ্যন্তরীণ ক্ষমতার কেন্দ্রীকরণ—উভয়কেই প্রতিরোধ করতে সক্ষম। এটি সবার জানা, কিন্তু এই সংগঠন কোথা থেকে উঠে আসবে?
দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টি (এসএসিপি) এই মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বামপন্থী শক্তি, আর এ কারণেই ৪ নভেম্বরের পৌর নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত আফ্রিকার বামপন্থীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ১৯৯৪সালের গণতান্ত্রিক উত্তরণের পর এই প্রথম এসএসিপি নিজ নামে ভোট চেয়েছে, যা শ্রমজীবী মানুষের অসন্তোষকে একটি স্বতন্ত্র নির্বাচনী রূপ দিয়েছে। দলটি ৭লাখেরও বেশি বা মোট ভোটের ২.৩৮ শতাংশ পেয়েছে এবং ২৬১টি আসনে জয়লাভ করেছে (ইস্টার্ন কেপে ৯৭টি এবং লিম্পোপোতে ৫৪টি আসন সহ ব্যাপক সমর্থন পেয়েছে)। তাদের নির্বাচনী প্রচারে বলা হয়েছে যে, জাতীয় মুক্তির অসমাপ্ত সংগ্রামে শ্রমিক ও দরিদ্রদের নিজস্ব রাজনৈতিক উদ্যোগ নিতে হবে—যে মুক্তি এখনো অসমাপ্ত রয়ে গেছে পানীয় জলের ট্যাপ শুকিয়ে থাকা, অনিয়মিত বিদ্যুৎ, উচ্চ মাত্রায় বেকারি এবং পৌর পরিষেবার অবক্ষয়ের কারণে।
এই নির্বাচনী অর্জনকে টেঁকসই জনশক্তিতে রূপান্তর করতে হলে নিরবচ্ছিন্ন গণমুখী কাজের প্রয়োজন হবে, যার মধ্যে সারা দেশে সমবায় গড়ে তোলার উদ্যোগ ‘পিপলস রেড ক্যারাভান’-এর সম্প্রসারণ অন্যতম। দলের সাধারণ সম্পাদক সলি আফ্রিকা মাপাইলা একটি অভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বামপন্থী সংগঠনগুলোকে একত্রিত করার প্রস্তাব দিয়েছেন; তিনি চিহ্নিত করেছেন যে নির্বাচনী প্রতিনিধিত্বকে অবশ্যই একটি বৃহত্তর আন্দোলনে পরিণত করতে হবে। গণআন্দোলনের শক্তিগুলোর এমন সংগঠন প্রয়োজন যা তাৎক্ষণিক অভিযোগগুলোকে পুঁজির ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর কর্মসূচির সাথে যুক্ত করতে পারে। কমিউনিস্ট কাউন্সিলরদের বিচার করা হবে এই ভিত্তিতে যে তাঁরা সেই সংগ্রামগুলোকে কতটা শক্তিশালী করতে পারছেন এবং শ্রমজীবী মানুষকে তাঁদের জীবন নির্ধারণকারী সিদ্ধান্তগুলোর অংশীদার করতে পারছেন কি না। একটি পুনরুজ্জীবিত এসএসিপি-ই শোষণ ও হতাশা উভয়ের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানগুলোকে পথ দেখাতে পুরো আফ্রিকায় বামপন্থীদের ঐক্যবদ্ধ করার জন্য প্রয়োজনীয় নেতৃত্ব দিতে পারবে।
ইউরোপের জ্বলন্ত রাজপথ
২০১৮ সালের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন এবং পরবর্তী বছরগুলোর ছাত্র সংগ্রামের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ফ্রান্সের নতুন গণ-জাগরণ দেখিয়েছে কীভাবে শ্রমজীবী মানুষ মজুরি, শিক্ষা, জনপরিষেবা এবং প্রতিবাদের অধিকারের (প্যালেস্তাইনের পক্ষে প্রতিবাদ সহ) দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে। এই শক্তি সংক্রামক হয়ে ছড়িয়ে পড়েছে। গত ৩০অক্টোবরের ইতালির ধর্মঘটে এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরুদ্ধে জার্মানির চলমান অস্থিরতায়। ম্যাক্রোঁ, মার্ৎস এবং মেলোনির সরকারগুলো অস্ত্র কেনার জন্য দ্রুত অর্থ জোগাড় করে ফেলে, অথচ স্কুল ও হাসপাতালগুলোকে অভাব মেনে নেওয়ার কথা বলে। আপাতত সবার চোখ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে, যেখানে বামপন্থীরা সম্ভবত উগ্র দক্ষিণপন্থী এবং তুলনামূলক কম উগ্র দক্ষিণপন্থী—উভয়কেই চ্যালেঞ্জ জানাতে ঐক্যবদ্ধ হবে।
সার্বিয়াতেও ঠিক একই চিত্র দেখা গেছে, যেখানে সংসদ নির্বাচনে ‘স্টুডেন্ট লিস্ট’ ২৫০টি আসনের মধ্যে ১৪০টি আসন জিতেছে, আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিকের নেতৃত্বাধীন জোট পেয়েছে ১০৩টি আসন। ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনের ছাদ ধসে প্রাণহানির ঘটনার পর এই আন্দোলন গড়ে ওঠে, যা দুর্নীতি ও সরকারি দায়মুক্তির প্রতীকে পরিণত হয়েছিল। এই আন্দোলনের পেছনে কাদের মদত আছে তা নিয়ে জল্পনা-কল্পনা করে এই সত্যটাই আড়াল করা হয় যে, এটি প্রকৃত অভিযোগ থেকে গড়ে উঠেছে এবং ব্যাপক জনরোষকে একত্রিত করে কায়েমি স্বার্থের বিরুদ্ধে একটি টেঁকসই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। সার্বিয়ার এই আন্দোলন এখন অনেক যুব অভ্যুত্থানের মতোই একটি প্রশ্নের মুখোমুখি: আন্দোলনের উচ্ছ্বাসের পর কীভাবে টেঁকসই গণতান্ত্রিক সংগঠন গড়ে তোলা যায় এবং সামাজিক চাহিদাগুলো পূরণ করা যায়। তা সত্ত্বেও, এর বিজয় তাঁদের জন্য অনুপ্রেরণা জোগায় যাঁদের বলা হয় যে পৃষ্ঠপোষকতা ও ভয়ভীতির মাধ্যমে সুরক্ষিত শক্তিশালী সরকারগুলোকে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে সরানো সম্ভব নয়। রাজপথের প্রতিবাদ সংসদে পৌঁছেছে এবং এখন ইউরোপীয় ইউনিয়নের রাজস্ব নীতি ও দেশীয় অভিজাতদের দুর্নীতিতে জর্জরিত একটি দেশে প্রকৃত সমাজতান্ত্রিক-গণতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নের কঠিন দায়িত্ব ‘স্টুডেন্ট লিস্ট’-এর সামনে এসে দাঁড়িয়েছে।
ইজরায়েলের প্যালেস্তাইন ফাঁদ
২৭অক্টোবরের ইজরায়েলের নির্বাচন যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তাঁর জোট নেসেট’র ১২০টি আসনের মধ্যে ৫৩টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের চেয়ে কম। অন্যান্য ইহুদি দলগুলো পেয়েছে ৪৮টি আসন, তারাও স্থিতিশীল সরকার গঠনে অক্ষম। আসল চমক দেখিয়েছেন ৯ লাখ প্যালেস্তাইনি ভোটার, যাঁরা আরব তালিকাভুক্ত দলগুলোকে ১৯টি আসন উপহার দিয়েছেন। প্যালেস্তাইনিরা গণহত্যার বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং এখন ইজরায়েলে তাঁদের রাজনৈতিক প্রান্তিকতা কাটানোর একটি সুযোগ তৈরি করেছেন। বিরোধীদের একটি স্থিতিশীল সরকার গঠন করতে হলে তাঁদের সমর্থনের প্রয়োজন হবে, যার অর্থ হলো প্যালেস্তাইনের ইস্যুগুলো এখন আলোচনার টেবিলে আসবে।
 

Comments :0

Login to leave a comment