অশোক ধাওয়ালে
আগামী ১৫–১৮ নভেম্বর, তেলেঙ্গানার নালগোন্ডায়, সারা ভারত কৃষকসভা (এআইকেএস)-র ৩৬তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯৩৬ সালের ১১ এপ্রিল লক্ষ্ণৌতে সংগঠনের প্রতিষ্ঠা হয়, তার ৯০ বছর পূর্ণ হচ্ছে। তেলেঙ্গানার ঐতিহাসিক কৃষক সংগ্রাম সূচনার ৮০ বছরও পূর্ণ হলো। নালগোন্ডা হলো সেই ঐতিহাসিক সংগ্রামের (৪ জুলাই, ১৯৪৬) অন্যতম কেন্দ্র। তাই সেখানে ৩৬তম সম্মেলন আয়োজনের এক বিশেষ তাৎপর্য রয়েছে।
কৃষকসভার গৌরবোজ্জ্বল উত্তরাধিকারকে গর্বের সঙ্গে স্মরণ, কৃষিক্ষেত্র ও রাজনীতির সামনে উঠে আসা নতুন চ্যালেঞ্জগুলির বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং তার মোকাবিলায় ব্যাপক সংগ্রাম গড়ে তোলার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে সুনির্দিষ্ট দিশা নির্ধারণ। কৃষি বিপ্লবের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য ৩৬তম সম্মেলনকে এই তিন দায়িত্ব পালন করতে হবে, তিনটি কাজ সম্পন্ন করতে হবে।
কৃষকসভার প্রতিষ্ঠা ও মহান লক্ষ্য
ঔপনিবেশিক ভারতে ক্রমবর্ধমান কৃষক অসন্তোষের পরিণতিতেই কৃষকসভার প্রতিষ্ঠা হয়। আঠারো ও ঊনিশ শতকে শোষণমূলক ও নিপীড়ক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বহু সাহসী কৃষক ও আদিবাসী অভ্যুত্থান শুরু হয় এবং শক্তি সঞ্চয় করে। এগুলির মধ্যে কয়েকটি ছিল সশস্ত্র লড়াই। এই সকল ঐতিহাসিক সংগ্রামে অসংখ্য কৃষক শহীদ হয়েছেন, তার বিবরণ এখানে উল্লেখ করা সম্ভব নয়। ভারতের সবচেয়ে পুরানো ও বৃহত্তম কৃষক সংগঠন হলো কৃষকসভা। দেশের ২৭টি রাজ্যের ৪৬০টি জেলাজুড়ে এর বর্তমান সদস্যসংখ্যা ১ কোটি ৫৮ লক্ষেরও বেশি।
লক্ষ্ণৌ’র প্রথম সম্মেলনে বক্তব্য রাখেন তৎকালীন জাতীয় কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরু। কৃষকরাই সমাজের সবচেয়ে শোষিত অংশ বলে মেনে নিয়ে তিনি সংহতি জানান। দেশের নানা প্রান্তের বহু খ্যাতনামা নেতা যেমন স্বামী সহজানন্দ সরস্বতী, ইএমএস নাম্বুদিরিপাদ, সোহন সিং জোশ, আরভি মোরে, লালবাহাদুর শাস্ত্রী, জয়প্রকাশ নারায়ণ, এনজি রঙ্গ, রামমনোহর লোহিয়া, হরেকৃষ্ণ মেহতাব, দিনকর মেহতা, ইন্দুলাল যাজ্ঞিক, কমল সরকার, নবকৃষ্ণ চৌধুরি, কেএম আশরাফ, কেডি মালব্য, বি সম্পূর্ণানন্দ এবং আরকে খাদিলকর প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন। স্বামী সহজানন্দ সরস্বতী কৃষকসভার প্রথম সভাপতি এবং এনজি রঙ্গ প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
প্রতিষ্ঠা সম্মেলনের মূল প্রস্তাবে কৃষকসভা সংগঠনের মহান লক্ষ্য স্পষ্টভাবে ঘোষণা করে: “কৃষক আন্দোলনের উদ্দেশ্য হলো অর্থনৈতিক শোষণ থেকে সম্পূর্ণ মুক্তি এবং কৃষক, শ্রমিক ও অন্য সমস্ত শোষিত শ্রেণির জন্য পূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা অর্জন... সর্বপ্রকার শোষণ থেকে মুক্তির জন্য তাঁদের প্রস্তুত করার জন্য কৃষকদের আশু রাজনৈতিক ও অর্থনৈতিক দাবিদাওয়ার জন্য লড়াইয়ে সংগঠিত করাই কৃষক আন্দোলনের প্রধান কর্তব্য হবে… ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য জাতীয় সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উৎপাদনকারী জনগণের চূড়ান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা অর্জনের পক্ষেই রয়েছে কৃষক আন্দোলন।”
সম্মেলনে গৃহীত ইশ্তেহারে জমিদারি প্রথার বিলোপ, ভূমি রাজস্ব হ্রাস, গ্রামীণ ঋণ বাতিল এবং সমবায় চাষের ভিত্তিতে ভূমিহীনদের জমি দেওয়ার দাবি জানানো হয়। জমিদারি প্রথাকে ‘বৈষম্যমূলক, অন্যায্য, বোঝাস্বরূপ ও নিপীড়নমূলক’ হিসাবে ঘোষণা করে ‘যে চাষ করে, জমি তার’ বলে আহ্বান জানায় ঐ ইশ্তেহার। ১৯৩৭ সালের মধ্যেই লাল পতাকাকে নিজেদের নিশান হিসাবে গ্রহণ করে কৃষকসভা জঙ্গি শ্রেণিভিত্তিক রাজনীতির পথে এগনোর ঈঙ্গিত দেয়।
স্বাধীনতার আগে ও পরে লড়াইয়ের গতিপথ
প্রতিষ্ঠার পর থেকেই সারা দেশে একের পর এক ঐতিহাসিক ও বিজয়ী কৃষক সংগ্রামের নেতৃত্ব দেয় কৃষকসভা। প্রথমে ব্রিটিশ শাসন তারপরে কংগ্রেস ও বিজেপি সরকারের আমলে যাবতীয় সাম্প্রদায়িক, জাতপাতভিত্তিক ও বিভেদকামী শক্তি, জমিদার-কর্পোরেট গোষ্ঠী ও তাদের গুন্ডাবাহিনীর নির্মমতম দমনপীড়নের মুখোমুখি সংগঠন বীরত্বের সঙ্গে দাঁড়িয়ে থেকেছে। দেশজুড়ে অসংখ্য সংগ্রামে হাজার হাজার কৃষক কর্মী নিজেদের অধিকারের জন্য শহীদ হয়েছেন।
তৎকালীন অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানা, বাংলার তেভাগা, কেরালার পুন্নাপ্রা-ভায়লার ও উত্তর মালাবার, ত্রিপুরার গণমুক্তি পরিষদ, বিহারের বকস্ত, মহারাষ্ট্রের ওয়ারলি আদিবাসীদের বিদ্রোহ এবং আসামের সুরমা উপত্যকার মতো কিংবদন্তি কৃষক সংগ্রামগুলির মাধ্যমে ভারতের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী কৃষক সংগঠনে পরিণত হয় কৃষকসভা। স্বাধীনতার আগে অন্যান্য গুরুত্বপূর্ণ সংগ্রামের মধ্যে ছিল পাঞ্জাবের মুজারা প্রজাস্বত্ব সংগ্রাম, রাজস্থানের শেখাওয়াতি আন্দোলন, কাশ্মীরে জমিদারতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম। মহারাষ্ট্রের সাতারায় (তিন বছর), পশ্চিমবঙ্গে অবিভক্ত মেদিনীপুরের তমলুকে (দুই বছর) এবং উত্তরপ্রদেশের বালিয়া ও ওডিশার তালচেরে স্বল্প সময়ের জন্য ব্রিটিশ বিরোধী সমান্তরাল সরকার প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিল কৃষকসভা।
১৯৪৭ সালে ক্ষমতা হস্তান্তরের পরও সামন্ততন্ত্রের অবসান হয়নি। কংগ্রেস সরকার কয়েকটি রাজ্যে জমিদারি বিলোপ আইন পাশ করলেও তাতে বহু ফাঁক রয়ে যায়, সে আইনের প্রয়োগও হয় দুর্বলভাবে যা শেষ পর্যন্ত জমিদারদের পক্ষেই যায়। একদিকে জমির কেন্দ্রীভবন, অন্যদিকে ভূমিহীনতা বাড়ে। দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও মহিলাদের মতো সামাজিকভাবে নিপীড়িত অংশগুলির উপর এর প্রভাব ছিল আরও তীব্র। আমূল ভূমিসংস্কারের দাবি জানিয়ে কৃষকসভা আজও ‘যে চাষ করে, জমি তার’ এবং ‘ভূমিহীনকে জমি’কেই নিজেদের মূল স্লোগান হিসাবে তুলে ধরে।
ছয়ের দশক থেকে সবুজ বিপ্লব এবং নানা সরকারি সহায়তার কারণে কৃষিতে পুঁজিবাদী সম্পর্কের বিকাশ ত্বরান্বিত হয়। সবুজ বিপ্লব নিঃসন্দেহে ভারতকে অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা অর্জনে সাহায্য করেছে। কিন্তু একইসঙ্গে তা গ্রামাঞ্চলের ধনী ও গরিবের মধ্যে এবং সেচ সেবিত ও শুষ্ক এলাকার মধ্যে ব্যবধানকেও বাড়িয়ে দেয়।
কৃষিতে পুঁজিবাদের অসম বিকাশ কৃষকদের মধ্যে শ্রেণিবিভাজনকে তীব্র করেছে। সামন্ত ও পুঁজিবাদী জমিদার গোষ্ঠী এবং সুদখোর মহাজন উভয়েরই বিরোধিতা করে কৃষকসভা। খেতমজুর ও গরিব কৃষকদের সংগঠনের মূল ভিত্তি নির্ধারণ করে মাঝারি কৃষকদের জয় করার পাশাপাশি ধনী কৃষকদের একাংশের কাছে পৌঁছানোর চেষ্টার মাধ্যমে কৃষকসভা এক স্পষ্ট গ্রামীণ শ্রেণি-কৌশল গ্রহণ করেছে। শ্রমিক-কৃষক ঐক্য গড়ে তোলার ওপরও সংগঠন বিশেষ গুরুত্ব দেয়। বারংবার আমূল ভূমিসংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কৃষি, সেচ, বিদ্যুৎ, ঋণ, ফসলের গুদাম, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও গ্রামোন্নয়নে সরকারি বিনিয়োগের শোচনীয় অপ্রতুলতার তীব্র সমালোচনা করেছে কৃষকসভা। কৃষিকে অধিক লাভজনক করা এবং বিজ্ঞান-প্রযুক্তি ও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপরেও জোর দিয়েছে। ১৯৭৫-৭৭ সালের জরুরি অবস্থার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর, ১৯৭৯ সালের বেনারস সম্মেলনে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কৃষকসভা নিজেদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আনে।
নয়া-উদারবাদী আগ্রাসনের মোকাবিলা
১৯৯১ সাল থেকে গত ৩৫বছরে অর্থনৈতিক উদারীকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়ন (এলপিজি)-র সূচনার সঙ্গে নতুন ও গুরুতর চ্যালেঞ্জ এসেছে। অসম ডব্লিউটিও চুক্তি, কৃষি উপকরণের ক্রমবর্ধমান মূল্য, ফসলের কমতে থাকা দাম এবং প্রাতিষ্ঠানিক ঋণের সঙ্কট ক্রমশ পরিস্থিতিকে শক্তিশালী কর্পোরেট গোষ্ঠীর দিকে এগিয়ে দিতে থাকে। সর্বত্রই কর্পোরেটদের দ্রুত বিকাশ ঘটে। একদিকে পুঁজির সঞ্চয়, আরেকদিকে সর্বহারাকরণ দুইই বেড়ে চলে। ১৯৯১ সালে কংগ্রেস সরকার এই সর্বনাশা নয়া-উদারবাদী নীতির সূচনা করলেও ২০১৪ সাল থেকে মোদীর নেতৃত্বে চলা বিজেপি-আরএসএস শাসন কৃষক-শ্রমিকদের শ্রেণিস্বার্থের পক্ষে সবচেয়ে ক্ষতিকর এবং সাম্রাজ্যবাদী ও কর্পোরেট স্বার্থের পক্ষে সবচেয়ে লাভজনক বলে প্রমাণিত হয়েছে। এর ফলে কৃষি সঙ্কট ক্রমশ গভীর হয়েছে। গত তিন দশকে ৪ লক্ষেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন, যার মধ্যে বিজেপি শাসনের প্রথম ১০ বছরেই ১ লক্ষেরও বেশি মৃত্যু হয়েছে। ২০২৬ সালে বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় ১২২টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০০তম স্থানে।
সংগ্রামের তীব্রতা বৃদ্ধি
২০১৪ সাল থেকে সারা দেশে কৃষক সংগ্রাম তীব্র হয়েছে। জঘন্য তিন কৃষি আইনের বিরুদ্ধে, সি২+৫০শতাংশ হারে লাভজনক এমএসপি, সম্পূর্ণ ঋণমুক্তি, শস্যবিমা, গ্রামীণ গরিবদের জন্য পর্যাপ্ত পেনশন ও কর্মসংস্থান, সর্বাত্মক ভূমিসংস্কার এবং বন অধিকার আইন কঠোরভাবে প্রয়োগের দাবি তোলা হয়েছে। ট্রাম্পের তরফে চাপিয়ে দেওয়া ‘কর সন্ত্রাস’, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, বিদ্যুৎ ও সেচের বেসরকারিকরণ, কর্পোরেট-সরকার আঁতাতের মাধ্যমে জমি দখল, নির্মম চার শ্রম আইন, এমজিএনরেগার বদলে ‘ভিবিজি-রামজি প্রকল্প’ গ্রহণ, বিদ্যুৎ সংশোধনী বিল ও স্মার্ট মিটার, বীজ বিল সহ প্রস্তাবিত দেশবিরোধী মার্কিন-ভারত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে কৃষকসভা জোরালো প্রতিবাদ সংগঠিত করেছে।
২০১৪ সাল থেকে এআইকেএস ভারতের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ গণসংগঠিত আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। রাজস্থানে কৃষকদের ঋণ মকুব, পেনশন ও শস্য বিমার সুবিধার দাবিতে রাজ্যব্যাপী কৃষক সংগ্রাম সফল হয়েছে। কর্নাটকে জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই জয়ী হয়েছে। মহারাষ্ট্রে ঋণ মকুবের দাবিতে ১১ দিনের কৃষক ধর্মঘট সহ কয়েক হাজার আদিবাসী ও গরিব কৃষকরা নাসিক-থেকে-মুম্বাই পর্যন্ত কিষান লং মার্চ করেছেন। কেরালা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্র, বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, ওডিশা, আসাম, পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশেও বড় আকারের সংগ্রাম পরিচালিত হয়েছে।
২০২০-২১’এর ঐতিহাসিক কৃষক সংগ্রাম
২০২০’র ২৬ নভেম্বর থেকে ২০২১’র ১১ ডিসেম্বর পর্যন্ত দিল্লি সীমান্তে চলা কৃষকদের ঐতিহাসিক ও ঐক্যবদ্ধ লড়াই ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত দীর্ঘতম ও সবচেয়ে শক্তিশালী কৃষক সংগ্রাম। দিল্লিতে একাধিক জাতীয় সড়ক অবরোধ করে এক বছরব্যাপী নজিরবিহীন সংগ্রাম চালান লক্ষ লক্ষ কৃষক। দেশজুড়ে অসংখ্য ট্রাক্টর র্যা লি, কৃষক-শ্রমিক মহাপঞ্চায়েত এবং তিনটি ভারত বন্ধ মোদী সরকারকে ২০২১ সালের ২৯ নভেম্বর কর্পোরেট-পন্থী, কৃষকবিরোধী ও জনবিরোধী তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করে। সম্পূর্ণ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও ধর্মনিরপেক্ষ এই সংগ্রামে প্রায় ৭৫০ জন কৃষক শহীদ হন। সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) নামে মঞ্চ গড়ে তুলে ঐ সংগ্রাম পরিচালিত হয়, কৃষকসভা ছিল তার অন্যতম প্রধান শরিক। জাতীয় কনভেনশন, জেল ভরো আন্দোলন ও দেশব্যাপী সমাবেশ আয়োজনের মাধ্যমে ঐ মঞ্চ এখন আরও প্রসারিত হয়েছে। শক্তিশালী শ্রমিক-কৃষক ঐক্য গড়ে তোলার জন্য এ লক্ষণ উপযোগী।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও কৃষি বিপ্লবের পথ
বিজেপি-আরএসএস’র জনবিরোধী, কর্পোরেট-পন্থী, সাম্রাজ্যবাদ-পন্থী, সাম্প্রদায়িক, মনুবাদী, দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী, নীতিহীন, নয়া-ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকারকে পরাস্ত করাই দেশ ও জনগণের সামনে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে যাবতীয় সংগ্রামকেই সাম্রাজ্যবাদ, নয়া-উদারবাদ, নয়া-ফ্যাসিবাদ, সাম্প্রদায়িকতা ও জাতপাতবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। সমাজতন্ত্রের পক্ষে সুসংহত ও ধারাবাহিক রাজনৈতিক-আদর্শগত গণপ্রচারকে ঐ সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্য ও ইতিবাচক রূপে যুক্ত করতে হবে।
গভীর ও দীর্ঘস্থায়ী কৃষি সঙ্কটের সমাধানে আমূল কৃষি বিপ্লবের জন্য লড়বে কৃষকসভা। গৌরবময় ৯০ বছরের ইতিহাস আমূল সামাজিক রূপান্তরের লড়াইতে নতুন সংকল্প জোগাক। তেলেঙ্গানা সংগ্রামের ৮০ বছরের ঐতিহ্য অর্থনৈতিকভাবে শোষিত ও সামাজিকভাবে নিপীড়িতদের প্রতি আরও গভীর অঙ্গীকারের জন্ম দিক। এক ন্যায়সঙ্গত, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, যুক্তরাষ্ট্রীয় ও সমাজতান্ত্রিক ভারতের স্বপ্ন সফল করতে আজও লাল পতাকাই লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা।
বিজেপি-আরএসএস’র জনবিরোধী, কর্পোরেট-পন্থী, সাম্রাজ্যবাদ-পন্থী, সাম্প্রদায়িক, মনুবাদী, দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী, নীতিহীন, নয়া-ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকারকে পরাস্ত করাই দেশ ও জনগণের সামনে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে যাবতীয় সংগ্রামকেই সাম্রাজ্যবাদ, নয়া-উদারবাদ, নয়া-ফ্যাসিবাদ, সাম্প্রদায়িকতা ও জাতপাতবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।
post editorial
বিজেপি-আরএসএস’র জনবিরোধী, নয়া ফ্যাসিবাদী সরকারকে পরাস্ত করাই বর্তমান চ্যালেঞ্জ
×
Comments :0