টালায় জল পাইপ ফেটেছে ৪৮ ঘন্টা হয়ে গেছে। এখনও মেরামতের কাজ চলছে। এর জেরে কলকাতার বিস্তীর্ণ অংশে জল যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ। কলকাতা কর্পোরেশন সূত্রের খবর এখনও দুই দিন সময় লাগবে জল সরবরাহ স্বাভাবিক হতে।
গত সোমবার, ৯ নভেম্বর, সকালে টালার পাইপ ফেটে আশেপাশের এলাকায় জল ছড়িয়ে পড়ে। জল জলে কলকাতা স্টেশনে। সেই সঙ্গে শুরু হয় জলের সমস্যা। টালায় মেরামতের কাজ চলছে।
উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় বুধবারও চলছে জল ভোগান্তি। কুমোরটুলি, শ্যামপুকুর, জোড়াবাগান, শোভাবাজার, বাগবাজার, মানিকতলা, পাইকপাড়া সহ বেলগাছিয়ার একাংশে এদিনও আসেনি কলের জল। যেখানে জল এসেছে সেখানেও সরু হয়ে পড়েছে জল।
যদিও সোমবার দুপুর থেকেই কাজ শুরু করেছে কলকাতা কর্পোরেশন জল সরবরাহ বিভাগ। সোমবার ঠিক টালা ব্রিজের তলায় ৭২ ইঞ্চির মূল পাইপেই দেখা যায় ফাটল। সেই কাজ এখনও সম্পন্ন হয়নি।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও দু’দিন লাগতে পারে। ট্যাঙ্কারের মাধ্যমে জলের ব্যবস্থা করলেও সব জায়গায় জল নিয়ে ট্যাঙ্কার পৌঁছায়নি বলে উঠেছে অভিযোগ। কলকাতা কর্পোরেশনে বোর্ড না থাকার দরুন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
কলকাতা কর্পোরেশনের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে যে, শহরের যে অংশ গুলিতেও জল সরবরাহ স্বাভাবিক নেই সেখানে পৌঁছে যাবে কর্পোরেশনের জলের ট্যাংকার। জলের ট্যাংকারের জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে। কিন্তু সেই নম্বরে যোগাযোগ করলেও, সাহায্য মেলেনি বলে অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। কর্পোরেশনের ফেসবুক পোস্টের নিচে কমেন্টেও ক্ষোভ জানিয়েছেন ভুক্তভুগীরা।
কর্পোরেশন জানিয়েছে, মোট ২৫৪টি জলের ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রীয় ভাবে কাজ করছে ১৫০টি ট্যাংকার, এছাড়াও ১,২,৪ নম্বর বরোর জন্য যথাক্রমে ৫৩,২৫,২৬ টি করে ট্যাংকার বরাদ্দ করা হয়েছে। ২৫৪টি ট্যাংকারের মধ্যে বসত বাড়ির জন্য ১১৯টি, বস্তি এলাকায় ১০৯টি, হাসপাতালে ২৬টি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা। কলকাতা কর্পোরেশনের ৩, ৫, ৭, ৮, ১০, ১৭, ১৮, ১৯ ওয়ার্ড গুলিতে জল সরবারহে বিঘ্ন ঘটেছে। কোথাও গোটা ওয়ার্ডে জল নেই, কোথাও আবার আংশিক প্রভাব পড়েছে।
বহু এলাকার বাসিন্দাদের অভিযোগ জল মিলছে না। রাত ১টার সময় জলের ট্যাংকার আসছে। কবে থেকে জল পরিষেবা স্বাভাবিক হবে কর্পোরেশন বা সরকারের তরফে স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কেন? সেই প্রশ্ন তুলেও ক্ষোভ জানিয়েছেন বহু মানুষ। জল সরবরাহ বিভাগের নোডাল অফিসার কল্লোল সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে হলেও যোগাযোগ করা যায়নি।
জলের সমস্যা শুধু উত্তর কলকাতায় নয়, দক্ষিণ ও মধ্য কলকাতাতেও একাধিক জায়গায় দেখা গেছে। মধ্য কলকাতার এন্টালি, শিয়ালদহ অঞ্চলেও জল সরবরাহ হচ্ছে না। দক্ষিণ কলকাতায় এজেসি বসু রোড, বালিগঞ্জ, কসবার কয়েকটি এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে জানা গিয়েছে।
KMC TALA WATER
টালায় ফাটল: জল যন্ত্রণা কাটতে আরও দু’দিন, ট্যাঙ্কার ঘিরে অভিযোগ
×
Comments :0